Home আন্তর্জাতিক নিউইয়র্কে ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন নিহত

নিউইয়র্কে ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন নিহত

39

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি বাসায় ছুরিকাঘাতের ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

রোববার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকালের এই ঘটনায় নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী ওই ব্যক্তি পুলিশের গুলিতে মারা গেছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়। ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল হামলাকারী। এরপর পুলিশের দুই কর্মকর্তাকেও ছুরিকাঘাত করেন তিনি। এতে দু’জন আহত হন।

ছুরিকাঘাতের পর গুলি শুরু করে পুলিশ। গুলিতে আহত ওই হামলাকারীকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। জ্যামাইকা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। তবে কী কারণে এই হামলা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ বলছে, সকালে তাদের কাছে এক নারী ফোন করেন। তিনি জানান, তার এক আত্মীয় তাদের পরিবারের সবাইকে মেরে ফেলছেন। দু’জন পুলিশ পাঠানো হলে তারা রাস্তায় ওই হামলাকারীকে দেখতে পান। এরপর ওই হামলাকারী তাদের ওপরও হামলা চালায়। এতে দু’জন আহত হন। পুলিশের গুলিতে হামলাকারী আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

পরে আরো পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। ওই বাড়িতে প্রথমে একটি ১১ বছর বয়সী মেয়েকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায় তারা। হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকেরা গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এরা হলো এক ছেলে (১২), নারী (৪৪) ও এক ব্যক্তি (৩০)।

হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম কোর্টনি গর্ডন, বয়স ৩৯ বছর। এর আগে তিনি একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।