স্পোর্টস ডেস্ক
সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মাঠে নাবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
আজ আগের ম্যাচে জোড়া গোল করা তহুরা খাতুন কালও এর পুনরাবৃত্তি করতে চান। তহুরা বলেন, ‘প্রথম ম্যাচে গোল পেয়েছি এটা অনেক ভালো দিক, কালও গোল পেতে চাই। দল জিততে পারলে নিজের কাছেই ভালো লাগবে। জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়েই খেলবো আমরা। আগামী মাচে তারা আরও বেশি আক্রমণাত্মক খেলতে পারে। তবে আমরা প্রস্তুত আছি। ’
আগামী ম্যাচে সিঙ্গাপুর ভিন্ন পরিকল্পনা নিয়ে নামতে পারে, এমনটাই ভাবছেন দলের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলে থাকি। সেই অভিজ্ঞতা থেকে ওরা নানাভাবে আমাদের বিপক্ষে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে। গোল যেন না দিতে পারি সেই চেষ্টাও করবে। তাই আমাদের আরও সতর্ক হয়ে স্বভাবসুলভ খেলে যেতে হবে। আমি এ ম্যাচটি জেতার চেষ্টা করব। ’
এর আগে শক্তি বিচারে বাংলাদেশ আর সিঙ্গাপুরের পার্থক্য রয়েছে। ফিফা নারী ফুটবল র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। বাংলাদেশ যেখানে ১৪২, সিঙ্গাপুর সেখানে ১৩০। তবে ধারণা করা যাচ্ছে দুই দলের লড়াইটা কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
সিঙ্গাপুরের সঙ্গে এবারই প্রথম বাংলাদেশ মাঠে নামবে বিষয়টি এমন নয়। এর আগে ২০১৬ সালে একবারই সিঙ্গাপুরের সঙ্গে খেলেছিল বাংলাদেশ দল। সেবার তাদের কাছে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ সেই সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে জয় দিয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ।










































