Home খেলাধুলা লিগ ফরম্যাট পরিবর্তনের আভাস!

লিগ ফরম্যাট পরিবর্তনের আভাস!

30

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। গত বছর এ দায়িত্ব ছাড়েন তিনি। মুর্শেদী চলে যাওয়ায় এই দায়িত্ব নেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দীন। হঠাৎ করে ব্যাক্তিগত কারণ দেখিয়ে এক বছরের মাথায় লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ছেন তিনি। তার স্থানে নতুন চেয়ারম্যান বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান।

দায়িত্ব পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই লিগ কমিটির সভা ডেকেছেন নতুন সভাপতি ইমরুল হাসান। তার সভাপতিত্বে প্রথম সভায় লিগের ফরম্যাটে খানিকটা পরিবর্তন আনার আভাস দিয়েছেন।

ফুটবল, ক্রিকেট সহ দলীয় অনেক খেলার ঘরোয়া লিগের ফিকশ্চারে বর্তমান চ্যাম্পিয়ন দল লিগের সর্বনিম্ন দলের সঙ্গে খেলে থাকে। পরবর্তী ম্যাচগুলো এভাবে নিচের সারির দলগুলো সঙ্গে খেলে শীর্ষ দলগুলো। আজকের লিগ কমিটির সভায় প্রচলিত ফিকশ্চার ফরম্যাট ভাঙার কথাই বললেন ইমরুল হাসান ‘আমরা এবার লিগ ফিকশ্চার ফরম্যাটে পরিবর্তন আনব। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ফিকশ্চার করা হবে। র‌্যানডম (দৈবচক্রে) খেলাগুলো পড়বে।’

ফরম্যাট পরিবর্তন আনার কারণ সম্পর্কে কমিটির নতুন চেয়ারম্যান বলেন, ‘সাধারণত চ্যাম্পিয়ন দল তলানির দলের সঙ্গে আগে খেলে। এভাবে দেখা যায় যে, শেষের দিকে নিচের দিকের দলগুলোর পরস্পরের সঙ্গে খেলা বাকি থাকে। এতে একে অন্যকে কিছুটা প্রভাবিত করার চেষ্টা থাকে। এজন্য আমরা এবার র‌্যানডম ফিকশ্চার করার চিন্তা করছি।’

বিদ্যমান ফিকশ্চার পদ্ধতিতে বাংলাদেশের ক্লাবগুলো খেলে অভ্যস্ত। ফিকশ্চারে এক দিন আগে-পরের খেলা নিয়েই অনেক আপত্তি হয় প্রবল। সেখানে চিরাচরিত ফরম্যাট ভেঙে নতুন ফরম্যাটে ক্লাবগুলোর সায় রয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ‘লিগের বাইলজ, ফিকশ্চার ফরম্যাট ফেডারেশন প্রণয়ন করে। এটা ফেডারেশনেরই এখতিয়ার। এরপরও আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করব।’