স্পোর্টস ডেস্ক।।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের আসর বসবে জার্মানিতে। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। সেই লক্ষ্যে শনিবার রাতে ঐ আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া ‘বি’ গ্রুপে পড়েছে। যেটাকে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে।
এবার কোপা আমেরিকার ড্র’র অপেক্ষা। জানা গেছে, আগামী বছরের ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকার আসর। আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের বেশ আগেভাগেই আগামী ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আসরে অংশ নেবে ১৬টি দল। এরই মধ্যে ১৪ দল আসরে জায়গা নিশ্চিত করেছে। প্লে অফ থেকে আসবে দুই দল। মোট ১৬ দলকে এরই মধ্যে চারটি পটে ভাগ করা হয়েছে।
প্রাথমিক ড্রতে পট-১ এ আছে আর্জেন্টিনা ও ব্রাজিল। কনকাকাফ অঞ্চলের সেরা দুই দল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে রাখা হয়েছে প্রথম পটে। উরুগুয়ে ও কলম্বিয়াকে রাখা হয়েছে দুই নম্বর পটে। অর্থাৎ গ্রুপ পর্বে ব্রাজিল বা আর্জেন্টিনাকে পেতে পারে উরুগুয়ে ও কলম্বিয়া।
পট-১: আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
পট ২: উরুগুয়ে, কলম্বিয়া, পেরু ও ইকুয়েডর
পট ৩: প্যারাগুয়ে, চিলি, পানামা ও ভেনেজুয়েলা
পট ৪: জামাইকা, বলিভিয়া ও প্লে অফের দুই দল।
কোপা আমেরিকায় জায়গা পাওয়ার জন্য প্লে অফ খেলবে কনকাকাফ অঞ্চলের হন্ডুরাস, কানাডা, ত্রিনদাদ এন্ড টোবাগো এবং কোস্টারিকা।










































