লাইফস্টাইল ডেস্ক।।
অতিথি আপ্যায়ন ও মিলাদসহ নানা অনুষ্ঠানে জিলাপির ব্যবহার হয়। সাধারণত জিলাপি চিনি ও গুড়ের হয়ে থাকে। বর্তমানে মিষ্টির পাশাপাশি টক, ঝাল জিলাপির কথা শোনা গেলেও ডিমের জিলাপি অনেকের কাছেই অজানা। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও মজাদার।
অদ্ভুত এই খাবারটি আমাদের কাছে নতুন হলেও একসময় আমিষ জিলাপি হিসেবে জনপ্রিয়তা পেয়েছিল বাঙালি খাদ্যরসিকদের কাছে। তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে এই সুস্বাদু খাবারটি। সেই হারিয়ে যাওয়া ডিমের জিলাপির রন্ধন প্রণালী তুলে ধরেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এবার তাহলে জেনে নেয়া যাক।
উপকরণ : পানি ২ কাপ, দুধ ২ কাপ, লবণ পরিমাণ মতো, সাদা তেল পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, সুজি ১ কাপ, কর্ন ফ্লাওয়ার ১ চামচ, ভ্যানিলা এসেন্স ১/২ চামচ, ডিম ৩টি, চিনি ১ কাপ, লেবুর রস ১/২ চামচ, এলাচ গুঁড়া ১/২ চামচ ও কেশর অল্প পরিমাণ।
প্রস্তুত প্রণালী : প্রথমে কড়াইয়ে পানি দিয়ে গরম করে নিন। তবে পানি ফোটাবেন না। পানি সামান্য গরম হলে তাতে দুধ দিয়ে পুনরায় গরম করুন। এতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিন। এরপর দিয়ে দিন এক চামচ সাদা তেল। ভালো করে মেশানোর পর এতে ময়দা দিতে থাকুন। মনে রাখবেন, এটিকে একটি নরম ডো তৈরি করতে হবে। তাই ময়দার পরিমাণ দুধের অনুপাতে দিন।
এবার ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে দেখবেন মিশ্রণটি একটি ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটি ঠান্ডা করার জন্য আলাদা করে সরিয়ে রাখুন। ডো ঠান্ডা হওয়া পর্যন্ত জিলিপির রস তৈরি করে নিন। এক কাপ পানি গরম করে তাতে চিনি দিয়ে ফোটাতে থাকুন। ধীরে ধীরে পানি ঘন হয়ে সিরা হয়ে উঠবে। এতে দিয়ে দিন এলাচ গুঁড়া, লেবুর রস এবং কেশর। কেশরের পরিবর্তে খাবার রংও দিতে পারেন।
অন্যদিকে ডো ঠান্ডা হয়ে গেলে তাতে দিয়ে দিন সুজি, কর্ন ফ্লাওয়ার এবং ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে মেখে নিন। এবার আসল কাজ। তৈরি করতে হবে জিলাপির ব্যাটার। প্রথমে একটি বাটিতে একটি ডিম ফেটিয়ে রাখুন। ডোয়ের মধ্যে সেই ফ্যাটানো ডিম দিয়ে একসঙ্গে ফ্যাটাতে থাকুন। মিশ্রণটি ঘন তরল হতে হবে। এটি দিয়েই জিলাপি ভাজা হবে। একটি ডিমে ব্যাটার গাঢ় না হলে আরেকটি ডিম ফ্যাটাতে থাকুন। হ্যান্ড মিক্সিতে ব্যাটারটি তৈরি করলে বেশি ভালো হয়। অনেকটা কেক তৈরির মতো। মিশ্রণটি এবার একটি পাইপিং ব্যাগে ভরে নিন।
কড়াইয়ে সাদা তেল ভালোভাবে গরম করুন। ডুবো তেলে জিলাপি ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে জিলিপির আকারে ব্যাটার ছাড়তে থাকুন। ধীরে ধীরে সেগুলো সোনালি হয়ে উঠবে। সোনালি জিলাপিগুলি একে একে চিনির রসে দিয়ে দিন। চিনির রস থেকে উঠিয়ে ইচ্ছেমত পরিবেশন করুন এই মজাদার ডিমের জিলাপি।











































