Home স্বাস্থ্য সকালে খালি পেটে গুড়, ছোলা কী কী উপকার করে

সকালে খালি পেটে গুড়, ছোলা কী কী উপকার করে

39

লাইফস্টাইল ডেস্ক।।

ছোলা এবং গুড়, দুটোই পুষ্টিকর খাবার। শীতকালে বেশি গুড় পাওয়া যাওয়ায় নানা রকম পদে গুড় ব্যবহার করার চল রয়েছে। কিন্তু সকালে খালি পেটে কোনো দিন গুড় এবং ছোলা খেয়েছেন কি? পুষ্টিবিদেরা বলছেন, ছোলায় ফাইবার এবং প্রোটিন বেশি থাকে। আর নিয়মিত গুড় খেলে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব। এ ছাড়াও গুড়ের মধ্যে রয়েছে প্রয়োজনীয় এমন অনেক খনিজ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। কিন্তু প্রতিদিন সকালে নিয়ম করে যদি গুড়, ছোলা খান, কী কী উপকার হবে জানেন? এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জেনে নেয়া যাক গুড়, ছোলার কিছু স্বাস্থ্যগুণ —

ত্বকের যত্ন :

শীতের সময় ত্বক জেল্লা হারাচ্ছে? পুষ্টিবিদেরা বলছেন, গুড় এবং ছোলার মধ্যে রয়েছে অনেক জিঙ্ক। ত্বকের জন্য এই উপাদানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই গুড় এবং ছোলার জোড়া ফোলায় ত্বক হয়ে উঠতে পারে জেল্লাদার।

পেশি মজবুত করতে :

নিয়মিত শরীরচর্চা করে দেহের বিভিন্ন অংশের পেশির জোর বাড়ানোর সঙ্গে গুড় এবং ছোলা খেতে শুরু করুন। প্রোটিন, কার্বোহাইড্রেট, সহজপাচ্য ফাইবার, পটাশিয়াম এবং বিভিন্ন খনিজে ভরপুর এই যুগল পেশির দুর্বলতা কাটিয়ে দিতে পারে।

ওজন নিয়ন্ত্রণ :

গুড় এবং ছোলার মিশ্রণ বিপাকহার বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

কোষ্ঠকাঠিন্য রোধ :

শীতকালে বাতাসে আর্দ্রতার অভাবের কারণে পানি খাওয়ার প্রবণতা কমে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়েন অনেকেই। ছোলার মধ্যে রয়েছে ফাইবার এবং খাবার হজম করায় এমন উৎসেচক ক্ষরণে সাহায্য করে গুড়। ফলে এই সমস্যা সহজেই দূর করতে পারে গুড়-ছোলা।

ঋতুস্রাবের কষ্ট :

মাসের নির্দিষ্ট একটি সময়ে ঋতুস্রাবের কষ্ট ভোগ করতে হয় অনেক নারীকেই। এসময় শরীরে আয়রনের অভাব দেখা দিতে পারে। সেই আয়রনের ঘাটতি মেটাতে পারে গুড়। সঙ্গে ছোলার প্রোটিন এই সময়ে শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগাতেও সাহায্য করে।