ক্রীড়া প্রতিবেদক।।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে স্বাগতিক বাংলাদেশ। বর্তমানে টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করছে কিউইরা। চতুর্থ দিন শেষে ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। এতে বড় হারের শঙ্কায় রয়েছে টিম সাউদির দল।
চতুর্থ দিন দারুণ বোলিংয়ে জয়ের খুব কাছাকাছি রয়েছে স্বাগতিকরা। পঞ্চম দিন অর্থাৎ শেষ দিনে লাল-সবুজের প্রতিনিধিদের দরকার শুধুমাত্র ৩ উইকেট। এই উইকেটগুলো নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যাবে বাংলাদেশ। বিপরীতে নিউজিল্যান্ডের প্রয়োজন ২১৯ রান।
শুক্রবার (১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ৩৩২ রানের লক্ষ্যে ৭ উইকেটে ১১৩ রান করে দিন শেষ করেছে সফরকারীরা। একপ্রান্ত আগলে রেখে ড্যারেল মিচেল অপরাজিত রয়েছেন ৪৪ রানে। শেষ ভাগে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া ইশ সোধি খেলছেন ৭ রানে।
আজকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনও জিতি নাই, তবে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করছি। বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে, দল বদলে যাওয়ার আভাস থাকে। পুরো বছর যেন এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতবো বা জিতবো না জানি না, তবে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি। ’
উইকেট নিয়ে তার ভাষ্য, ‘সকালেও উইকেট এত কঠিন মনে হচ্ছিল না। আমাদের বোলাররা অনেক দুর্দান্ত বোলিং করেছে। ওদের বড় ব্যাটারদের দ্রুত হারানোয় চাপে পড়েছে। বলব না উইকেট খুব খারাপ। ’











































