মো: তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর আরাফ নামে দুই মাস বয়সি এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশু আরাফ সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের মিলনের ছেলে। সোমবার (২৭ নভেম্বর) সকাল নয়টা দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামে ওই শিশুর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের দুই মাসের শিশু ছেলে আরাফ নিখোঁজ হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে সোমবার সকাল নয়টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটির মা সুমি বেগম তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।











































