Home কলাম সীসা দূষণ

সীসা দূষণ

18

 

-মো: মেহেদী হাসান

 

শাকেরের বয়স ১২। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শেণিতে পড়াশোনা করে। পড়াশোনায় সে অত্যন্ত মনোযোগী। কিন্তু সে পড়া মনে রাখতে পারে না। শুধু পড়া নয়, দৈনন্দিন অনেক কিছুই তার মনে থাকে না। বাধ্য হয়ে তার পিতামাতা চিকিৎসকের শরণাপন্ন হন। অনেক পরীক্ষা নীরিক্ষার পর জানা যায় যে, শাকেরের শরীরে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি রয়েছে। এ মাত্রাতিরিক্ত সীসা তার মেধার বিকাশকে বাঁধাগ্রস্ত করেছে। শাকেরের মত বাংলাদেশের অনেক শিশু মাত্রাতিরিক্ত সীসা দূষণে আক্রান্ত। সংখ্যার হিসেবে যা আনুমানিক ৩ কোটি ৫৫ লাখ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতি তিনজন শিশুর মধ্যে একজন শিশু সিসাদূষনের শিকার। এ শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ মারাত্নক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং আশংকাজনক হলেও সত্য, সীসাদূষণের ফলে সংঘটিত এ ক্ষতি প্রায় কোনরূপ উপলক্ষ্য ছাড়াই ঘটে থাকে। ফলে, অনেকটা অজান্তেই মানবশরীরের এবং বিশেষ করে শিশুশরীরের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সীসা মূলত ঈষৎ নীলাভ ধূসর বর্ণের একটি নরম ধাতু। বাংলাদেশে সীসা দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। একটি সমীক্ষায় দেখা যায়, শহরে বসবাসকারি শিশুদের ৮০ ভাগের দেহে প্রতি ডেসিলিটার রক্তে পাঁচ মাইক্রোগ্রামের বেশি সীসা পাওয়া গেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিসাকে জনস্বাস্থ্যের জন্য অন্যতম ক্ষতিকারক রাসায়নিক উপাদান হিসেবে চিহ্নিত করেছে। সুতরাং, সংশ্লিষ্ট সকলে মিলে এখনই যদি এ দূষণ নিয়ন্ত্রন না করা যায় তবে আগামীতে তা বাংলাদেশের জন্য একটি মহাবিপর্যয় হিসেবে দেখা দেবে।

সীসা দূষণ প্রতিরোধ করতে হলে সর্বাগ্রে জনসাধারনকে জানতে হবে ঠিক কি কারনে সীসা দূষণ ঘটছে। যেমন, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সীসা দূষণের একটি বড় কারন হলো সীসাযুক্ত ব্যাটারি রিসাইক্লিং। বাংলাদেশে ব্যাটারিচালিত যানবাহনের চাহিদা বেড়ে যাওয়ায় সীসাযুক্ত ব্যাটারি রিসাইক্লিং শিল্পের সম্প্রসারণ ঘটেছে। উন্নত দেশগুলোতে গাড়িতে ব্যবহৃত পুরনো ব্যাটারি ও ই-বর্জ্য এশিয়া ও আফ্রিকার দেশগুলোয় রপ্তানি করে দেয়া হয় এবং এসকল ব্যাটারি গলিয়ে এতে ব্যবহৃত সীসাকে সংগ্রহ করা হয় যা নতুন লেড-এ্যাসিড ব্যাটারির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বাংলাদেশে রিসাইক্লিং প্রক্রিয়াটি সম্পূর্ন উন্মুক্তভাবে করা হয় এবং এর ফলে একটি বড় জনগোষ্ঠী আজ সীসাদূষণের শিকার। বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় ১০০০ এরকম রিসাইক্লিং কারখানা রয়েছে। এ কারখানাগুলোতে অনেক শিশু শ্রমিক হিসেবে কাজ করে এবং মারাত্নক সীসাদূষণের শিকার হয়। শুধু তাই নয়, নানা কারণে এ ধরনের কারখানা যখন পরিত্যাক্ত ঘোষণা করা হয় তখনও সেখান থেকে দীর্ঘদিন সীসাদূষণ ঘটতে পারে। এছাড়া মাটি ও ধাতু নির্মিত বিভিন্ন তৈজসপত্র আমরা ব্যবহার করি। এসকল তৈজসপত্র উজ্জ্বল করার জন্য এগুলোতে সীসার প্রলেপ ব্যবহৃত হয়। এসকল তৈজসপত্র থেকে আমাদের শরীরে সীসা প্রবেশ করে এবং দূষণ ঘটায়। আবার এসকল তৈজসপত্র তৈরির কারখানায় নিয়োজিত শ্রমিকেরাও সীসাদূষণের শিকার হয়। আমরা আমাদের ঘরবাড়িতে রঙ ব্যবহার করে থাকি। বাংলাদেশে সীসাযুক্ত রঙের ব্যবহার সীসাদূষণের আরেকটি বড় কারণ। উন্নত বিশ্বে অনেক আগেই সীসাযুক্ত রঙের উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। উদাহরনস্বরুপ বলা যেতে পারে, যুক্তরাষ্ট্রে ১৯৭৮ সালে আবাসস্থলে সীসামিশ্রিত রঙের ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু বাংলাদেশে এখনো সীসাযুক্ত রঙের ব্যবহার বিদ্যমান রয়েছে। একটি সমীক্ষায় দেখা যায়, বাজারে উপস্থিত রঙগুলোর মধ্যে প্রায় ৩০ ভাগ রঙেই মাত্রাতিরিক্ত সীসা পাওয়া গেছে। সীসাযুক্ত এসব রঙের সংস্পর্শে থাকার কারণে মানুষ দীর্যমেয়াদে সীসাদূষণের শিকার হচ্ছে।
এগুলোতো গেল বাহ্যিক কারণ; এখন খাদ্যউপাদানেও সীসার উপস্থিতি লক্ষ্যনীয়। উদাহরণস্বরূপ রান্নায় ব্যবহৃত হলুদের কথা বলা যেতে পারে। হলুদের রঙ উজ্জ্বল করার জন্য লেড ক্রোমেট (সীসা) ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নানা রকম প্রসাধনী তৈরিতেও সীসা ব্যবহার করা হয়। এছাড়া শিশুদের নানারকম রঙ করা খেলনা, সার, চাষ করা মাছের জন্য তৈরি খাবারেও সীসা ব্যবহার করা হয়, যার ফলে সীসা নামক এ নীরব ঘাতক মানবদেহে প্রবেশ করে।

সীসা দূষণের ফলে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ বাঁধাগ্রস্ত হয়। শতকরা প্রায় ৭০ ভাগ বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ব সীসার কারণে হয়ে থাকে। গর্ভাবস্থায় সীসার সংস্পর্শে এলে শিশুর দৃষ্টি, শ্রবণ এবং শিখন বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) ধারণামতে, সিসাদূষণের কারণে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটেছে। চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে’ প্রকাশিত এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন থেকে জানা যায় যে, সীসাদূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত এক লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ অকালে মারা যাচ্ছে এবং একই কারণে শিশুদের আইকিউ কমে যাচ্ছে, যার ফলে বুদ্ধি প্রতিবন্ধী হবার ঝুঁকি বাড়ছে। প্রতিবেদনটিতে বলা হয় যে, সীসা দূষণের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এর ফলে একদিকে প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্বাভাবিক হারে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি শিশুদেরও আইকিউ কমে যাচ্ছে। আর্থিক ক্ষতির হিসেবে এর পরিমাণ বছরে প্রায় ২৮ হাজার ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ২০১৯ সালের মোট জিডিপি’র প্রায় ৬ থেকে ৯ শতাংশের সমান।

সুতরাং অনতিবিলম্বে আমাদেরকে সীসা দূষণ প্রতিরোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এর মতে রক্তে সিসার ঝুঁকিপূর্ণ মাত্রা ৫ মাইক্রোগ্রাম বা ডেসিলিটার। তবে যেহেতু রক্তে সীসার কোন নিরাপদ মাত্রা নেই, তাই রক্তে যে কোন পরিমান সীসাই ক্ষতিকর হিসেবে ধরে নিতে হবে। মূলত সীসাদূষণ সম্পর্কে মানুষের অজ্ঞতা ও উদাসীনতা এ বিপর্যয়কে আরো ঘনীভূত করছে। এ লক্ষ্যে একদিকে যেমন আইন প্রণয়ন প্রয়োজন, তেমনি জনসচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীসাকে নিরাপদে রিসাইক্লিং করার জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন, প্রয়োজন সীসামুক্ত খেলনা, রঙ, প্রসাধনী, মসলা ইত্যাদি উৎপাদন ও নিয়ন্ত্রন এবং জনসচেতনতা। আমরা আশা করব সরকার এ বিপর্যয় প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমরা শিশুদের জন্য একটি সীসাদূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। -পিআইডি ফিচার/ লেখক: মো: মেহেদী হাসান, সিনিয়র তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা।