বিনোদন প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। তাতে নাম নেই মাহির। তার আসনে আওয়ামী লীগের নৌকার মাঝে হয়েছেন মো. জিয়াউর রহমান।
এর আগে দলটির মনোনয়ন বোর্ডের প্রথম দিনের সভা শেষে ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘এবার রাজনীতির বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হবে না।’ তার এই বক্তব্য থেকেই মাহির দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে ধারণা করা গিয়েছিল।
এর আগে, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। ২০ নভেম্বর বিকেলে আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন মাহি নিজে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
প্রসঙ্গত, ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। তখনও তাকে মনোনয়ন দেয়নি দলটি।











































