স্পোর্টস ডেস্ক
বিগ ব্যাশের নিয়মিত মুখ রশিদ খান। বিগ ব্যাশ ছাড়াও টি-২০র প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগেই আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনারের খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে আগামী মৌসুমের বিগ ব্যাশে এই লেগ স্পিনারকে দেখা যাবে না। অ্যাডিলেড স্ট্রাইকার্স এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ইনজুরির কারণে বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান। আফগান তারকার বিগ ব্যাশে না খেলার বিষয়টি নিশ্চিত করে অ্যাডিলেড স্ট্রাইকার্স বিবৃতিতে লেখে, ছোট একটি অস্ত্রোপচারের কারণে আগামী বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যানেজার টিম নিয়েলসেন রশিদ খানের ব্যাপারে লিখেন, ‘স্ট্রাইকার্সের অত্যন্ত প্রিয় একজন সদস্য রশিদ। আমাদের ভক্তদের কাছেও সে দারুণ। রশিদ আমাদের সঙ্গে সাত বছর ধরে আছে। এই গ্রীষ্মে আমরা সবাই তাকে মিস করবো।’
২০১৭ সালে বিগ ব্যাশে রশিদের অভিষেক হয়। ৬৯ ম্যাচে ১৭.৫১ গড়ে ও ৬.৪৪ ইকোনমিতে তিনি শিকার করেছেন ৯৮ উইকেট। নিয়েলসেন আরো লেখেন, ‘রশিদও অ্যাডিলেড স্ট্রাইকার্সকে খুব ভালোবাসে। দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়ার জন্য রশিদকে চিকিৎসা করাতে হবে। আমরা তার পাশে আছি সবসময়।’










































