Home আঞ্চলিক সাতক্ষীরায় এক জালেই উঠল ৪ মণ মেদ মাছ

সাতক্ষীরায় এক জালেই উঠল ৪ মণ মেদ মাছ

45

নিজস্ব প্রতিনিধি।।

সুন্দরবনে বাবলু কয়াল নামে এক জেলে ২৭টি মেদ মাছ শিকার করেছেন। যার ওজন ১৭০ কেজি (৪.২৫ মণ)।

বৃহস্পতিবার সকালে মাছগুলো নীলডুমুর ঘাটে আনা হলে ১ লাখ টাকায় কেনেন পাইকারি এক ক্রেতা। জেলে বাবলু কয়াল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন বাবলু কয়াল। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে মাছ ধরতে একটি জাল ফেলেন তিনি। সেই জালেই একসঙ্গে ২৭টি মেদ মাছ ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী মো. শরিফ হোসেন বলেন, সুন্দরবনে এ মাছকে মেদ মাছ বলা হয়। এটি ক্যাটফিস প্রজাতির সবচেয়ে বড় মাছ। এই মাছ সুন্দরবনের নদীর সবচেয়ে মূল্যবান প্রজাতির মাছের একটি। খানিকটা কাইন মাছের আকৃতির এই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এরা নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে এ মাছ ধরা পড়ে না। মূলত বড়শি দিয়েই ধরতে হয়। তবে সুন্দরবনে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে এ মাছ ধরা পড়ে। গত বছর এক জেলে এক সঙ্গে ৩০০টি মেদ মাছ পেয়েছিলেন। যার প্রতি কেজি দাম ধরা হয়েছে ৬০০ টাকা।