স্পোর্টস ডেস্ক
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ব্যর্থতায় ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। এবার সেই হতাশাকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরছে টাইগাররা। এই সিরিজ দিয়েই টানা ব্যর্থতার কবল থেকে বেরোনোর লক্ষ্য বানাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের সামনে এখন নতুন মিশন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। যার অংশ হিসেবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজ দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম। এর আগে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
বুধবার প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তাইজুল। সেখানে তিনি লিখেছেন, ‘তাইজুল স্বার্থে নয় ভালবাসায় বিশ্বাসী।’
এমন পোস্ট দিয়ে তাইজুল আসলে কী বোঝাতে চাইলেন সেটা বলা মুশকিল! তবে সেটি যে তার বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে লেখা, সেটা অনেকটাই ধরে নেয়া যায়। তবে তিনি যেহেতু কারো নাম উল্লেখ করেননি, তাই সেটি কেবল তাইজুলই বলতে পারেন।
আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৬ ডিসেম্বর থেকে পরবর্তী টেস্ট হবে ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।









































