Home খেলাধুলা দুই দলের ডাগআউটে ‘দুই’ মাস্টারমাইন্ড

দুই দলের ডাগআউটে ‘দুই’ মাস্টারমাইন্ড

42

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে এশিয়া কাপ জেতে ভারত। তবে তার আগে কয়েকটি সিরিজে তাদের পারফরমেন্স খুব একটা সন্তোষজনক ছিল না। খেলোয়াড়দের বিশ্রাম ও দলে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করা বেশ সমালোচনার মুখে পড়েন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। তবে বিশ্বকাপ শুরু হতেই যেন জাদুর মতো বদলে গেল সব। সব বিভাগেই এবারের বিশ্বকাপের সেরা দল তারা। ২০২১ সালে রবি শাস্ত্রীর জায়গায় রোহিত-কোহলিদের হেড কোচের দায়িত্ব দেয়া হয় রাহুলকে। এর কিছুদিনই পরই বিরাট কোহলির জায়গায় ভারতের অধিনায়ক হন রোহিত শর্মা। ভারতীয় দলের ড্রেসিংরুমে এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব কে না জানে। কোচ হয়ে আসার পর রাহুলের প্রথম চ্যালেঞ্জ ছিল সেটা সামলানো। তিনি যে কতো সফলভাবে রোহিত আর কোহলির দ্বন্দ্ব মিটিয়েছেন সেটা এখন মাঠে তাদের দেখলেই বোঝা যায়।

ভারত যেন এখন সুখী পরিবারের আদর্শ উদাহরণ। কোচ হিসেবে দ্রাবিড় খেলোয়াড়ি জীবনের মতো খুবই শান্ত প্রকৃতির। তিনি সবাইকে সুযোগ দিতে পছন্দ করেন। ভারতীয় দলে এখন যারা তরুণ খেলোয়াড় আছেন- মোহাম্মদ সিরাজ, ইশান কিষাণ, শুবমান গিল, কুলদীপ যাদব, শ্রেয়াস আয়াররা ‘এ’ দলে রাহুলের অধীনেই খেলেছেন। বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে সবার আগে মাঠে প্রবেশ করেন রাহুল, যত দ্রুত সম্ভব উইকেট দেখে পরিকল্পনা সাজান। টানা ৯ ম্যাচে ৯ জয়, রাহুলের অধীনে উড়ছে ভারত। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিততে না পারা ‘দ্য ওয়াল’ কোচ হিসেবে জেতার জন্য মুখিয়ে আছেন। অন্যদিকে আজ ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলের হেড কোচ গ্যারি স্টিড অবশ্য তারকা নন। তবে কোচ হিসেবে দারুণ সব সাফল্য রয়েছে তার। ২০১৮ সালে মাইক হেসনের জায়গায় নিউজিল্যান্ডে হেড কোচের দায়িত্ব নেন তিনি। পরের বছরই তার অধীনেই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল কিউইরা। খেলোয়াড়ি জীবেন ৫ টেস্টেই সীমাবদ্ধ থেকেছে স্টেডের ক্যারিয়ার। কোচ হিসেবে আরও একবার ফাইনালে ওঠার লড়াইয়ে শামিল হচ্ছেন তিনি।
আইপিএলে পাওয়া চোটের কারণে কেন উইলিয়ামসনের বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়ে। তবে ম্যাচ না খেলতে পারলেও এই কিউই অধিনায়ককে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেন স্টেড। এরপর তুমুল প্রশংসিত হন তিনি। যদিও চোট কাটিয়ে বিশ্বকাপে খেলছেন উইলিয়ামসন। তবে দলের অভিজ্ঞ ক্রিকেটাদের মানসিকভাবে উৎফুল্ল রাখার মতো দারুণ কাজ করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে প্রথম ৪ ম্যাচ টানা জেতা নিউজিল্যান্ড এরপর টানা ৪ ম্যাচ হারে। এতে করে তাদের শেষ চারে ওঠাই অনিশ্চিত হয়ে পড়ে। তবে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে সব অনিশ্চয়তা কাটায় কিউইরা।