স্পোর্টস ডেস্ক
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম।
বুধবার সন্ধ্যায় এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করে নিজেই এই খবর জানিয়েছেন বাবর।
পদত্যাগের ঘোষণা দেয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর।
পদত্যাগ বার্তায় বাবর লিখেছেন, ‘এ সময়ে আমি মাঠ ও মাঠের বাইরে নানা উত্থান-পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। তবে সব সময়ই ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গৌরব ও সম্মান বজায় রাখার দিকে লক্ষ্য রেখেছি।’
দেশটির সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে, বাবরকে সাদা বলের দুই ফরম্যাটের দায়িত্ব ছেড়ে শুধু টেস্ট অধিনায়কত্ব রাখতে বলা হয়েছিল। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের দায়িত্ব পান বাবর আজম। পরের বছর পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব পান। নেতৃত্বে দলকে ভালোভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন বাবর। কিন্তু ভারত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাবরের অধিনায়কত্ব সমালোচনার মুখে পড়ে।
বাবরের পদত্যাগের আগে থেকে অবশ্য পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলে আসছিল, পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজে অধিনায়ক হতে পারেন শান মাসুদ এবং টি–২০ ফরম্যাটে দায়িত্ব পেতে পারেন শাহীন আফ্রিদি।











































