Home Uncategorized সংসদ নির্বাচন ৭ জানুয়ারি: সঙ্ঘাত পরিহার করে সমাধানের পথ খুঁজতে সিইসির আহ্বান

সংসদ নির্বাচন ৭ জানুয়ারি: সঙ্ঘাত পরিহার করে সমাধানের পথ খুঁজতে সিইসির আহ্বান

52
  • – মনোনয়নপত্র দাখিল ৩০ নভেম্বর
    – যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর
    – প্রত্যাহার ১৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর

ঢাকা অফিস।।
আগামী ৭ জানুয়ারি ২০২৪ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে সিইসি বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। প্রার্থিতা যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বলে সিইসি তার বক্তব্যে উল্লেখ করেন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতর থেকে গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশে টেলিভিশন ও বেতারে সরাসরি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণার সময় ইসির অন্যান্য কমিশনাররা এবং ইসি সচিব উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৫টায় সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনী কর্মকর্তা নিয়োগ নিয়ে ২৬তম কমিশন সভা করেন।

তফসিল ঘোষণা নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সিইসি কাজী হাবিবুল আউয়াল সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন। তিনি সংসদ নির্বাচনকে সামনে রেখে সঙ্ঘাত পরিহারের পথ খুঁজে বের করতে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। অন্যদিকে সব ভয়ভীতি পরাভূত করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, দেশে মোট ভোটার প্রায় ১১ কোটি ৯৭ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। মোট দুই লাখ ৬২ হাজার বুথে ভোট গ্রহণ করা হবে।

লিখিত বক্তব্যে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, দীর্ঘসময় ধরে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বে মতভেদ পরিলক্ষিত হচ্ছে। বহুদলীয় রাজনীতিতে মতাদর্শগত বিভাজন থাকতেই পারে। কিন্তু মতভেদ থেকে সঙ্ঘাত ও সহিংসতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচনপ্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। তিনি বলেন, মতৈক্য ও সমাধান প্রয়োজন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব সঙ্ঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে। জনগণকে অনুরোধ করব সব উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে।
তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাক্সিক্ষত অনুকূল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু নির্বাচন প্রশ্নে, বিশেষত নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রশ্নে, দীর্ঘসময় ধরে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বে মতভেদ পরিলক্ষিত হচ্ছে। বহুদলীয় রাজনীতিতে মতাদর্শগত বিভাজন থাকতেই পারে। কিন্তু মতভেদ থেকে সঙ্ঘাত ও সহিংসতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচনপ্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে।

সিইসি বলেন, সংবিধানে জনগণকেই ক্ষমতার মালিক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের সেই মালিকানা প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন। রাষ্ট্র, সংসদ, সরকার ও জনশাসন গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হওয়ার জন-আকাক্সক্ষা প্রজাতন্ত্রের সংবিধানের পাতায় পাতায় বিধৃত হয়েছে। তিনি বলেন, আপনারা জানেন জাতীয় সংসদের সাধারণ নির্বাচন সাধারণত পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকে। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের বিধান মতে ৩০০ সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যগণকে নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়ে থাকে। সংবিধানের ১২৩(৩)(ক) অনুচ্ছেদের বিধান মতে সংসদের মেয়াদ পূর্তির পূর্ববর্তী ৯০ দিবসের মধ্যে সংসদের সাধারণ নির্বাচন আয়োজনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা সংবলিত এই নির্দেশনা নির্বাচন কমিশন সরকারের নির্বাহী বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সহায়তা নিয়ে সম্পন্ন করে থাকে। সরকার আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি বারবার ব্যক্ত করেছে। কমিশনও তার আয়ত্তে থাকা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এবং সরকার থেকে আবশ্যক সব সহায়তা গ্রহণ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার বিষয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করবে।

প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন. সম্মানিত প্রার্থীগণ, নির্বাচনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা। কেন্দ্রে কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সাহসী, সৎ, দক্ষ ও অনুগত পোলিং এজেন্ট নিয়োগ করে প্রার্থী হিসেবে আপনাদের নিজ নিজ অধিকার ও স্বার্থ সুরক্ষার প্রাণান্ত চেষ্টা কার্যত আপনাদেরকেই করতে হবে। গণতান্ত্রিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এটি একটি অপরিহার্য অনুষঙ্গ।
ভাষণে হাবিবুল আউয়াল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভোটকেন্দ্রগুলোর পারিপার্শ্বিক শৃঙ্খলাসহ প্রার্থী, ভোটার, নির্বাচনী কর্মকর্তাসহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার নির্বাচনকে প্রভাবিত করতে পারে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো মূল্যে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।