ঢাকা অফিস।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে আজ বুধবার বিকেল ৫টায় কমিশনের সভা ডাকা হয়েছে। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে তফসিল কবে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেয়া হয়নি কমিশনের পক্ষ থেকে। অবশ্য আজ তফসিল হতে পারে এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই ভোট বলে ইসির বিভিন্ন সূত্রে জানা গেছে। এ দিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি গতকাল মঙ্গলবার থেকে বন্ধ করা হয়েছে।
নির্বাচন ভবনে ইসি সচিব মো: জাহাঙ্গীর আলম গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ’৭০ (১৯৭০ সাল) পরবর্তী সময়ে এ পর্যন্ত যতগুলো জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণে জাতিকে অবহিত করেছেন। এবারো সেই রেওয়াজ অব্যাহত থাকবে।
ভাষণের ব্যাপারে বিটিভিকে জানানো হয়েছে কি না এবং তফসিল কবে হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, বুধবার আপনাদের চায়ের আমন্ত্রণ। কবে, কখন, কিভাবে তফসিল দেয়া হবে, তা সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে আমি জানাব।
এ দিকে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের তথ্যানুযায়ী, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ ধারণ করে। তারপর একটি নির্ধারিত দিনে তা প্রচার করা হয়। এতে ভোটের দিকনির্দেশনাসহ সময়সূচি দিয়ে থাকেন সিইসি। সিইসি কমিশন সভায় চূড়ান্ত করেই জাতির উদ্দেশে ভাষণ প্রদান করেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের দিন নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য এখনো দেয়নি।
গত সোমবার ইসি সচিব সাংবাদিকদের বলেছিলেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা আগেই জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। প্রথমার্ধের দিন যেহেতু এখনো সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। আজ বুধবার ইসির দেয়া সেই নভেম্বরের প্রথমার্ধ শেষ হচ্ছে। ফলে তার বক্তব্যেও বুধবারই তফসিল ঘোষণার ইঙ্গিত ছিল। কমিশনের অন্য সূত্রগুলোও বলছে, কোনো কারণে বুধবার সম্ভব না হলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা আসবে।
উল্লেখ্য, সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণ দিন পর্যন্ত ৪৫ থেকে ৬০ দিন সময় হাতে রাখা হয়। সে হিসাবে আজ বুধবার তফসিল ঘোষণা হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার পর পরবর্তী পাঁচ বছরের আগের ৯০ দিনের মধ্যে ভোট নিতে হবে। সে হিসাবে গত ৩১ অক্টোবর থেকে ৯০ দিনের দিন গণনা শুরু হয়েছে। ২৯ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
এ দিকে রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচি আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। আর বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল এবং জোট তফসিল ঘোষণা করা হলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার কথা বলেছে।











































