স্পোর্টস ডেস্ক।।
সমর্থক থেকে সমালোচকদের কেউই এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। এর মাঝে দফায় দফায় ওপেনার লিটন দাসের ছুটি নিয়ে দেশে আসার ব্যাপারটি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দ্বিতীয় দফায় দেশে আসার পর, লিটন ফিরলেন আবার ভারতের পুনেতে। সেখানেই বাংলাদেশ দল এখন অবস্থান করছে।
বিশ্বকাপে ইংল্যান্ড আর ভারতের বিপক্ষে দুটি অর্ধ শতক ছাড়া তেমন কিছুই নেই লিটনের প্রাপ্তির খাতায়। এরই মাঝে পাকিস্তানের বিপক্ষে হারার পরের দিনই গত ১ নভেম্বর কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন এই ওপেনার। সে সময় দুদিনের ছুটি কাটিয়ে আবার দলের সঙ্গে যোগ দেন লিটন। মূলত তার সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতেই ছুটি নিয়েছিলেন তিনি।
এরপর আবার শ্রীলংকার বিপক্ষে জেতার পরদিনই, দেশে ফেরার জন্য ছুটির আবেদন করেন লিটন। তবে এবার লিটনকে প্রথমে ছুটি দিতে চায়নি বিসিবি। তবে পরে বিশেষ বিবেচনায় ছুটি মঞ্জুর করলেও, এ ব্যাপারে অসন্তুষ্ট ছিল টিম ম্যানেজম্যান্ট।
গত ৭ নভেম্বর ছুটি নিয়ে দেশে ফেরেন লিটন দাশ। এরপর আজ ৯ নভেম্বর পুনেতে দলের সঙ্গে যোগ দেন তিনি। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।











































