মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মাকে ঘরেরমধ্যে তালাবন্দি করে তারেক রহমান (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার হরিহরনগর পশ্চিম পাড়ায় এঘটনা ঘটে। তারেক রহমান ওই গ্রামের শহিদ মোড়লের ছেলে।
এই ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।পুলিশ জানায়, তারেক রহমান ঝিকরগাছা গাজীর দরগা মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। লকডাউনের কারণে মাদরাসা বন্ধ থাকায় সে বাড়িতে থাকে। শুক্রবার সকালে তারেক মাঠে ছাগল নিয়ে যেতে চায়। তখন তার মা জেসমিন খাতুন ছেলেকে পড়তে বসতে বলেন। পড়তে না বসলে মাদরাসার হুজুরকে ফোন করবেন বলে মা হুমকিও দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাকে ঘরের ভিতরে রেখে বাইরে দিয়ে তালা লাগিয়ে দেয় তারেক। এরপর ছাগলের দড়ি নিয়ে কাঁঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ১০টার দিকে ছেলেটির পিতা তার লাশ নামিয়ে আনেন। খবর পেয়ে আমরা দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। মায়ের উপর অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জেনেছি। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন, মণিরামপুর











































