স্পোর্টস ডেস্ক
পাকিস্তান ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আলোচনা থামছেই না। দীর্ঘদিন ধরে আলাদা থাকা এই তারকারা নিজেদের মতো করেই মানিয়ে নিচ্ছেন। ভারতীয় টেনিস তারকা সানিয়ার জীবনে এখন বড় অংশই তার ছেলে ইজহান। এবার ছেলের জন্মদিনে দিলেন বিশেষ বার্তা।
ইজহানের জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেশ কিছু ছবি দিয়েছেন সানিয়া। পরিবারের অনেকের ছবিও আছে। নেই শুধু শোয়েব।
সেখানে সানিয়া লিখেছেন, ‘আমার জীবনের সব থেকে উজ্জ্বল নক্ষত্রকে শুভ জন্মদিন। আমার চার পাশে যতই অন্ধকার হোক না কেন, তোমার হাসি সব কিছুকে আরও সুন্দর করে তোলে। আমি আশীর্বাদ হিসেবে তোমাকে পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি তোমার মধ্যে দেখেছি নিঃশর্ত ভালোবাসা কাকে বলে। সেজন্য আল্লাহকে ধন্যবাদ। আমার ছোট্ট ছেলের জায়গা চিরদিন আমার হৃদয়ে থাকবে। প্রতি বছর আমি তোমাকে আরও বেশি কাছে টেনে ধরব। তোমাকে আরও একটু শক্ত করে আলিঙ্গন করব। তোমাকে সফল হতে সাহায্য করব। আল্লাহ তোমাকে সবসময় আশীর্বাদ করুন।’
তবে নিজের লেখায় সানিয়া ইজহানকে শুধু তার ছেলে বলে উল্লেখ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, তার চার পাশে অনেক অন্ধকার। সন্তানের জন্মদিনে কোথাও একটা ভেঙে যাওয়া দাম্পত্যের বেদনা, যন্ত্রণার ছাপ উঠে এসেছে। যা সমাজের কাছ থেকে লুকিয়ে রাখতে চাননি একাকী এক মা।











































