স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর দৌলতপুর থেকে মো. রোহান (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাঁকে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে গত ২৮ অক্টোবর রোহান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় সোমবার তাঁর মা দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ বাড়ির পাশের গফফার মাস্টারের পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে স্বজনরা তাঁকে শনাক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোহান এলাকার হাসান খান সেন্টুর ছেলে। তিন মাস আগে তাঁর বিয়ে হয়েছে। তিনি স্থানীয় একটি জুট মিলে শ্রমিকের কাজ করতেন।
দৌলতপুর থানার ওসি কামাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কীভাবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।











































