Home আঞ্চলিক খুলনায় রেলের নিরাপত্তায় ১২১ জায়গায় আনসার মোতায়েন

খুলনায় রেলের নিরাপত্তায় ১২১ জায়গায় আনসার মোতায়েন

61

স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে ‘নাশকতা প্রতিরোধে’ খুলনা বিভাগে রেললাইনের ১২১টি জায়গায় আটজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে তারা দায়িত্ব পালন করছেন। বুধ ও বৃহস্পতিবারও তাদের মোতায়েন রাখা হবে।

আনসার ও ভিডিপির খুলনা রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সমন্বয়কারী মো. ইসমাইল হোসেন জানান, জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় রেললাইন, মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন কেপিআইয়ে পাঁচ হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন রয়েছে।

প্রতিটি জেলায় ৪০ জন করে আনসার ভিডিপি সদস্য এবং ২৪ জন করে ব্যাটালিয়ন আনসার মোতায়েন রয়েছে জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, প্রতিটি জেলা সদরে নির্বাচন কর্মকর্তার কার্যালয় পাহারায় ব্যাটালিয়ন আনসার এবং সাধারণ আনসার ও ভিডিপি সদস্যের সমন্বয়ে একটি করে দল মোতায়েন আছে।

এ কার্যক্রম স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় ও অবহিত করে সম্পন্ন হয়েছে জানিয়ে ইসমাইল হোসেন বলেন, প্রতিটি জেলায় আনসার ও ভিডিপি সদস্যরা নির্বাচন পর্যন্ত মোতায়েন থাকবেন।