Home খেলাধুলা পেস-স্পিন ঝলক মুজিব-ফারুকির

পেস-স্পিন ঝলক মুজিব-ফারুকির

8

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বোলিং আক্রমণে মূলত তার দায়িত্ব শুরুতে উইকেট এনে দেওয়া। একই সঙ্গে ইনিংসের নানা সময়ে আঁটসাঁট বোলিং করে প্রতিপক্ষকে চাপেও রাখেন স্পিনার মুজিব উর রহমান। তবে গতকাল শুরুতে উইকেট না এনে দিলেও প্রতিপক্ষ শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড তিনিই ভাঙেন। মুজিব নেন দুই উইকেট। আগের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েছিলেন ফজলহক ফারুকি। এ ম্যাচে ফিরেই বল হাতে আলো ছড়ালেন আফগান পেসার। ফারুকির শিকার ক্যারিয়ার সেরা ৩৪ রানে ৪ উইকেট। চলতি বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করতে নেমে লঙ্কানদের ২৪০ রানে আটকে ফেলে আফগানিস্তান। ২২ রানে প্রথম আর ৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। আজমতউল্লাহ উমরজাই প্রথম আর ফারুকি দ্বিতীয় উইকেট নেন।

ফারুকি অবশ্য একই সঙ্গে ভাঙেন ৬২ রানের জুটি। তবে এরপরই মূলত লঙ্কানদের মেরুদণ্ড ভাঙেন মুজিব। চলতি আসরসহ সামপ্রতিক সময়ে লঙ্কানদের ব্যাটিং অর্ডারে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা গুরুত্বপূর্ণ দুই নাম। ব্যাটিং অর্ডারে তাদের মেরুদণ্ড বললেও ভুল হবে না। গতকালও দু’জন উইকেটে জমে গিয়েছিলেন। দলকে ভরসা যোগাচ্ছিলেন বড় সংগ্রহের। ততক্ষণে দুজনের জুটিতেও ৫০ রান পূর্ণ হয়। উইকেটে সেট হয়ে যাওয়া দুই ব্যাটারের ব্যক্তিগত সংগ্রহ তখন ত্রিশের ঘরে। এরপর দৃশ্যপটে আবির্ভাব মুজিবের। মাত্র ৫ রানের মধ্যে মেন্ডিস ও সামারাবিক্রমা- দুজনকেই ফিরিয়ে দেন ২২ বছর বয়সী এই স্পিনার। ২৮তম ওভারে তাকে স্লগ সুইপ করতে গিয়ে বদলি ফিল্ডার নাজিবুল্লাহ জাদরানের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। ফেরার আগে ৫০ বলে ৩৯ রান করেন লঙ্কান অধিনায়ক। এক ওভার পর বোলিংয়ে এসে সামারাবিক্রমাকেও ফেরান মুজিব। এবার আর অবশ্য ফিল্ডারের প্রয়োজন হয়নি তার, এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সামারাবিক্রমাকে। চার নম্বরে ব্যাটিংয়ে যাওয়া সামারাবিক্রমা করেন ৪০ বলে ৩৬ রান। এই দুই ব্যাটার ফেরার আর ম্যাচে দাপট দেখাতে পারেনি শ্রীলঙ্কা। মেন্ডিস-সামারাবিক্রমার পর তৃতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ৯ নম্বরে নামা মাহিশ থিকসানার ব্যাট থেকে। সবমিলিয়ে ১০ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন মুজিব। মুজিব মেরদণ্ড ভাঙার পর শ্রীলঙ্কার লেজ ছেঁটে দেন ফারুকি। শেষদিকে হুমকি হয়ে ওঠা থিকসানা ও অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান এই বাঁহাতি পেসার। সবমিলিয়ে তার ফিগার ছিল ১০ ওভারে ৩৪ রানে ৪ উইকেট। এদিনই ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামেন রশিদ খান। তার অবশ্য বল হাতে দিনটা খুব ভালো যায়নি। ১০ ওভারে ৫০ রান খরচায় ধনাঞ্জয়া ডি সিলভার উইকেটটি পান রশিদ।