স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ক্রিকেটে ছেলেদের ভরাডুবি হলেও সুখের সময় কাটাচ্ছে দেশের নারী ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক টি-টোয়েন্টি সিরিজ শেষ করলো বাংলাদেশের বাঘিনীরা। শেষ ম্যাচ হারলেও প্রথম দুই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদমেলে প্রথম সিরিজ জয়। এবার ৫০ ওভারের লড়াইয়ের পালা। ৪ঠা নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের আগে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৬ সদস্যের দলে নতুন মুখ সুমাইয়া ও নিশিতা। তবে একদিনের সিরিজেও দলে ফিরতে পারেননি ফাস্ট বোলার জাহানারা আলম এবং অলরাউন্ডার সালমা খাতুন। মূল দলের বাইরে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে সালমাকে। মূল দলে থাকা সুলতানা খাতুনের খেলা নির্ভর করবে তার চোট থেকে সেরে ওঠার ওপরে।
বাংলাদেশের জন্য এই ওয়ানডে সিরিজটি বেশ গুরুত্বপুর্ণ।
এটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত। গত জুলাইয়ে একই ইভেন্টের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রেখে শেষ ম্যাচে নাটকীয় টাই দিয়ে শেষ হয় সিরিজটি। পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে ওয়ানডে ম্যাচ তিনটি হবে ৪, ৫ ও ১০ই নভেম্বর। সবগুলো ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশ নারী ওয়ানডে দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মুস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাইঃ সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিনা আক্তার সুপ্তা।











































