Home Uncategorized রাজশাহীতে দুই চিকিৎসককে হত্যা

রাজশাহীতে দুই চিকিৎসককে হত্যা

17

খুলনাঞ্চল রিপোর্ট।।
রাজশাহীতে নিজ চেম্বার থেকে বাড়ি ফেরার পথে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলীর বুকে ছুরিকাঘাত করে এবং নগরীর উপকণ্ঠে অপহরণ করে গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা নগরীতে এক রকম আতঙ্ক বিরাজ করছে। রোববার রাত পৌনে ১২টার দিকে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে বর্ণালী মোড়ে লক্ষ্মীপুর এলাকায় একদল দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালে একটি সূত্রের দেয়া তথ্য মতে, নিহত চিকিৎসক ডা. কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। ডা. কাজেম আলী রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
অপরদিকে, গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালকে সন্ধ্যা ৬টার দিকে তার চেম্বার থেকে অপহরণ করে নিয়ে হত্যা করা হয়। অপহরণের তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর উপকণ্ঠ কচুয়াতৈল এলাকার শমির উদ্দিনের ছেলে। রোববার রাত নয়টার দিকে নগরীর সিটিহাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, দুলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে এসে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। এর তিন ঘণ্টা পর সিটিহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।