Home খেলাধুলা সালমাকে ছাড়িয়ে নাহিদা

সালমাকে ছাড়িয়ে নাহিদা

43

স্পোর্টস ডেস্ক

আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় গতকালকের ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য স্রেফ নিয়মরক্ষার। তবে জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তানের মেয়েরা। হারের ম্যাচে সালমা খাতুনকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে ৩১ রানে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাটিং করে চার উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১০১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। এই ম্যাচে ৪ ওভারে ২১ রান খরচায় ১ উইকেট নেন নাহিদা আক্তার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬১ রান করা মুনিবা আলীর উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। টাইগ্রেসদের জার্সিতে ৭২ ম্যাচে এটি নাহিদার ৮৫তম উইকেট। তিনিই এখন বাংলাদেশ নারী দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক।

এর আগে ৯২ ম্যাচে ৮৪ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে ছিলেন সাবেক অধিনায়ক ও অফস্পিনার সালমা খাতুন। এদিন পাকিস্তানের দেওয়া ১৩২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ৫৯ রানেই ফিরে যান ৬ ব্যাটার। শেষ পর্যন্ত অলআউট না হলেও ১০১ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার শামিমা সুলতানা। এছাড়া শরিফা খাতুন ১৮ ও সোবহানার ব্যাট থেকে আসে ১৭ রান। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট নেন সাদিয়া ইকবাল ও আলিয়া রিয়াজ। এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। সিদরা আমিনকে ফিরিয়ে দেন সানজিদা আক্তার মেঘলা। এরপর দলের হাল ধরেন বিসমাহ মারুফ ও মুনিবা আলী। দুজনে মিলে গড়েন ১০৬ রানের ঝড়ো জুটি। দলীয় ১০৯ রানে নাহিদার শিকার হয়ে মুনিবা ফিরলে ভাঙে তাদের জুটি। ফেরার আগে ৪৯ বলে ৮ চারে ৬১ রানের ইনিংস খেলেন মুনিবা। ৭ রানের ব্যবধানে ফেরেন বিসমাহ মারুফও। পেসার ফারিহা তৃষ্ণার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ২ চারে ৪৮ রান করেন তিনি। শেষ দিকে অধিনায়ক নিদা দার করেন ৮ রান। ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩২ রানে। ম্যাচসেরার পুরস্কার পান মুনিবাই। আসরে বল হাতে সর্বোচ্চ ৮ উইকেট শিকার নাহিদার। সিরিজ সেরার পুরস্কার ওঠে নাহিদার হাতেই।