Home খেলাধুলা এটিই সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না, যা বললেন সাকিব

এটিই সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না, যা বললেন সাকিব

35

স্পোর্টস ডেস্ক।।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য কী? উত্তরটা ২০১৫ সালের, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। তবে ১৯৯৯ বিশ্বকাপ থেকে যাত্রা শুরু করা টাইগাররা ২০০৭ থেকে ২০১৯—এই চার বিশ্বকাপে তিনটি করে ম্যাচ জিতেছে। আর কোনো বিশ্বকাপেই ৩টির বেশি ম্যাচ জিততে পারেনি।

২০০৭ বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলে তিন জয়ের পথে সুপার এইটেও উঠেছিল বাংলাদেশ। গত বিশ্বকাপেও নয়টি ম্যাচ খেলে জিতেছিল তিনটি। তবে আর কোনো বিশ্বকাপেই নয়টি ম্যাচ খেলার সুযোগ পায়নি কিংবা সুযোগ করে নিতে পারেনি বাংলাদেশ দল।

সর্বশেষ বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ীই এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আগে গ্রুপেই নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে এখন পর্যন্ত বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে এক জয় এবং টানা পাঁচ ম্যাচ হেরেছে সাকিবের দল। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। হাতে আছে আর তিন ম্যাচ। সবশেষ নেদারল্যান্ডসের মতো পুঁচকে দলের কাছেও হারল।

গতকাল ইডেন গার্ডেন্সে ডাচদের বিপক্ষে ৮৭ রানের বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। তার কাছে প্রশ্নটি এল এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না? সাকিব জবাবে বলেন, ‘হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন এবং আমি দ্বিমত করব না এটাতে।’

সাকিব মনে করেন, দল এখন যে অবস্থায় আছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন, ‘সত্যি কথা বলতে, খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। সুযোগ এখনো আছে আমাদের। তবে খুবই কঠিন। আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের কিছু করার নেই।’