আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর উপকূলীয় শহর আকাপুলকোতে হারিকেন ওটিস আঘাত হেনেছে। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে শহরটি। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। খবর ডয়চে ভেলের।
মেক্সিকোর সরকার গতকাল শনিবার ওটিসের আঘাতে মৃতের সংখ্যা ৩৯ জন বলে নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ২৯ জন পুরুষ এবং বাকিরা নারী। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশটির সশস্ত্র বাহিনীর আট হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে।
ডয়চে ভেলে জানিয়েছে, ক্যাটাগরি পাঁচ মাত্রার সামুদ্রিক ঝড়টি গত বুধবার ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে আকাপুলকোতে আঘাত হানে। সেই সময় বন্যার পাশাপাশি অনেক বাড়ির ছাদ উড়ে যায় এবং যানবাহন পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের প্রিয়জনদের খোঁজ নিতে পারছেন না যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় শহরটির দুই লাখ ২০ হাজারের বেশি ঘরবাড়ি এবং ৮০ শতাংশ হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন আছেন পাঁচ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। হারিকেন ওটিসে ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৫০০ কোটি মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানো শুরু হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ২৪ মিনিটের এক ভিডিওতে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি সেখানে তার বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, হারিকেনের কারণে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে তারা। দেশটিতে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।











































