আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা ইসরায়েলকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে তাদের পরাজয় হবে অনেক বড়। একইসঙ্গে তিনি গাজায় ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গতকাল শনিবার নেতানিয়াহু জানান, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘আমরা জিতব। আমরা জয়ী হব। হামাসকে পরাজিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
এরপরেই হুঁশিয়ার বার্তা দেন আবু উবাইদা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এখনো তার জন্য অপেক্ষা করছি। আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে আমরা তার স্বাদ মিটিয়ে দেবো। তিনি যা প্রত্যাশা করেন বা ভয় করেন তার চেয়েও বড় পরাজয় দেখবেন।
আল-কাসসাম মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার অভাবের জন্য আরব দেশগুলোরও কঠোর সমালোচনা করেন। পাশাপাশি তিনি বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে বন্দী বিনিময়ের বিষয়ে চুক্তি না হওয়ার জন্য দখলদার সরকার দায়ী।
আবু উবাইদা ক্ষোভ প্রকাশ করেন বলেন, আমাদের আরব দেশগুলোকে তাদের সৈন্যবাহিনী এবং ট্যাঙ্কগুলো পাঠাতে বলছি না। কিন্তু আপনারা কি এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনি ত্রাণ ও মানবিক সাহায্য পাঠাতে পারবেন না?
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ৯ হাজারের বেশি। যাদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলের অনবরত বিমান হামলায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ।











































