Home খেলাধুলা রোহিত বীরত্বের পরও ভারতকে অল্প রানে আটকাল ইংল্যান্ড

রোহিত বীরত্বের পরও ভারতকে অল্প রানে আটকাল ইংল্যান্ড

64

স্পোর্টস ডেস্ক।।

ঘরের মাঠে বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকেই পাত্তা দেয়নি ভারত। প্রত্যেক ম্যাচেই তুলে নিয়েছে বড় জয়। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রানের বন্যা বইয়ে দিয়েছেন বিরাট কোহলিরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে থেমেছে দলটি। যার মধ্যে একাই ৮৭ রান এসেছে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে।

অধিনায়ক হিসেবে এদিন শততম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত। টস হেরে ব্যাটিংয়ে নাম ভারত শুরুতেই পড়ে ইংলিশ পেসারদের তোপে। ২৬ রানের মাথায় শুভমান গিলকে সরাসরি বোল্ড করেন ক্রিস ওকস। দলের সঙ্গে আর ১ রান যোগ হতে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি। ৪০ রানের মাথায় আবারও ওকসের আঘাত, এবার ফেরেন শ্রেয়াস আইয়ার।

এরপর লোকেশ রাহুলকে নিয়ে ইনিংস মেরামাত শুরু করেন রোহিত। চতুর্থ উইকেটে গড়েন ৯১ রানের বড় জুটি। ১৩১ রানের মাথায় ৩৯ রান করে ফেরেন রাহুল। আর ১৬৪ রানের মাথায় সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আউট হন অধিনায়ক রোহিত। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করেন ১৮ হাজার রান।

রোহিতের বিদায়ে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব। হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে আউট হলেও শেষের ব্যাটারদের নিয়ে করেন দারুণ লড়াই। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারত।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ডেভিড উইলি। ১০ ওভারে ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই পেসার। আরেক পেসার ক্রিস ওকস ৯ ওভারে ৩৩ রান খরচায় শিকার করেন ২ উইকেট। ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ।