স্পোর্টস ডেস্ক।।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়, এরপর টানা ৫ ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে সেমিফাইনাল খেলার আশা একপ্রকার শেষই টাইগারদের। তবে আগামী ৩ ম্যাচে জয়ও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, না জিতলে যে খেলা হবে না ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে!
আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে র্যাঙ্কিং অনুযায়ী দলগুলো সুযোগ পাবে, নাকি অন্য কোনো মানদণ্ডে সুযোগ দেওয়া হবে সেটি নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এরপরই আইসিসি নিশ্চিত করেছে, ভারতের চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলে থাকা সেরা ৭ দল ও স্বাগতিক পাকিস্তান অংশ নেবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইএসপিএন ক্রিকইনফোকে আইসিসির মুখপাত্র বিষয়টি জানিয়েছেন।
চলমান বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ১ জয় পেয়ে পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে নয় নম্বরে আছে বাংলাদেশ। সামনে সাকিব আল হাসানরা খেলবেন পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার মতো দলগুলোর বিপক্ষে। তাই টাইগারদের জন্য অপেক্ষা করছে এক কঠিন চ্যালেঞ্জ।
এদিকে, ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা পড়েছে মারাত্মক শঙ্কায়। ৫ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে দশ দলের মধ্যে সবার নিচে তারা। অন্যদিকে, এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখছে অপেক্ষাকৃত কম শক্তির দল নেদারল্যান্ডস। গতকাল শনিবার বাংলাদেশকে হারানোর আগে তারা হারিয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে।
পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকায় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কায় আছে শ্রীলংকা ও আফগানিস্তানের মতো দলগুলোও। আর বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা হচ্ছে না ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবার করে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।











































