Home খেলাধুলা ক্রিকেটারদের মধ্যে কোনো ‘দ্বন্দ্ব’ নেই: পাপন

ক্রিকেটারদের মধ্যে কোনো ‘দ্বন্দ্ব’ নেই: পাপন

45

স্পোর্টস ডেস্ক।।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও এরপর টানা ৫ ম্যাচে হার বাংলাদেশের। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের লজ্জাজনক হারই সবচেয়ে বেশি পোড়ানোর কথা সাকিব আল হাসানদের। দলের এমন অবস্থায় গতকাল শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না?

সাকিবের উত্তর ছিল, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তেমন মনে করেন না। তিনি বলেন, ‘ওরা সবাই মিলে বলল যে তারা সবাই ইউনাইটেড (একতাবদ্ধ)। তাদের মধ্যে কোনো সমস্যা নেই।’ আজ কলকাতায় বাংলাদেশ দলের সঙ্গে টিম হোটেলে সভায় বসেছিলেন পাপন। সভা শেষে সাংবাদিকদের একথা বলেন বিসিবি সভাপতি।

ক্রিকেটারদের জন্য কঠিন এই মুহূর্তে তাদের পাশে থাকার কথাও জানিয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে ওরা এখন অনেক সিরিয়াস। আমি ওদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে, এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে। তবে আমরা খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছি। কেউ না থাকলেও আমরা আছি।’

বাংলাদেশের পরের তিন ম্যাচ পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিগত ম্যাচগুলোতে যাই ঘটুক, আগামী ৩টি ম্যাচ নিয়েই ভাবতে চান পাপন। তিনি বলেন, ‘আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি (তা ভাবতে হবে), এটা ছাড়া করার কিছু নেই।’

তবে এই মুহূর্তে দলে কোনো পরিবর্তন আনার সুযোগ দেখছেন না পাপন। তিনি বলেন, ‘আমাদের যে শক্তি–সামর্থ্য আছে, এটা নিয়েই লড়তে হবে। আমরা কোনো পরিবর্তন আনতে পারব না। কোনো জায়গায় কোনো পরিবর্তন আনতে পারব না। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের ম্যাচগুলো (বাংলাদেশ) ভালো খেলুক, এটাই প্রত্যাশা।’