Home আঞ্চলিক মাগুরায় যাত্রীবাহী পরিবহণে অগ্নিসংযোগ ও ভাঙচুর

মাগুরায় যাত্রীবাহী পরিবহণে অগ্নিসংযোগ ও ভাঙচুর

26

 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চলাচলরত পরিবহণে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন হরতাল সমর্থনকারীরা। খবর পেয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা হামলকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

রোববার দুপুর ২টার দিকে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মীরা হরতালের সমর্থনে শহরের জেটিসি রোডে একটি বিক্ষোভ মিছিল বের করে দোকানপাট বন্ধ করে দেন। একই সময়ে তারা ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় পিকেটিংকালে যাত্রীবাহী বাস প্রিয়া ক্লাসিকসহ একাধিক পরিবহণে ভাঙচুর চালান। পরে ঢাকা-খুলনা মহাসড়কের ভায়নার মোড় বাসস্ট্যান্ড এলাকায় ঝিনাইদহগামী যাত্রীবাহী বাস এসবি এক্সক্লুসিভ পরিবহণে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

 

ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে।

 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, শহরের ঢাকা রোড এবং ভায়নার মোড়ে একাধিক পরিবহণে ভাঙচুর চালানোর পাশাপাশি যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিতকরণের পাশাপাশি আটকের চেষ্টা চলছে।