Home খেলাধুলা অবাক সুজনও, ক্ষমা চাইলেন লিটন

অবাক সুজনও, ক্ষমা চাইলেন লিটন

55

স্পোর্টস রিপোর্টার।।
পুনেতে টিম হোটেলে সাংবাদিকদের দেখে খেপে গেলেন লিটন দাস। এর পর যে কাণ্ড ঘটালেন তা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একেবারেই নতুন। হোটেলের নিরাপত্তাকর্মীদের ডেকে অভিযোগ করলেন নিজ দেশের সাংবাদিকদের বিপক্ষে। শুধু তাই নয়, তাদের হোটেল থেকেও বের করে দিতে বললেন। রোববার এমন ঘটনায় উত্তাপের হাওয়া বইতে শুরু করে বাংলাদেশের ক্রিকেটে। জানা গেছে বিসিবির এক পরিচালক সাংবাদিকদের বিশ্বকাপের কথা ভেবে ক্ষমা করে দেয়ারও অনুরোধ করেন। এই ঘটনার একদিন না গড়াতেই নিজের ফেসবুক পেজে এমন কাণ্ডের জন্য ক্ষমা চান লিটন দাস। সেদিন দুপুরে তার এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তবে তিনি ভীষণ অবাক হয়েছেন এমন ঘটনায়। বলেন, লিটনের কাছে এমন ব্যবহার অপ্রত্যাশিত।

সুজন বলেন, “আমরা জিনিসটাকে ইতিবাচক বা নেতিবাচক, দুইভাবেই নিতে পারি। তাৎক্ষণিক পরিস্থিতি আমি জানি না। লিটন বা বাংলাদেশের কোনো ক্রিকেটার কখনও এমন করেছে কি না, আমার জানা নেই। বা লিটনও আমার মনে হয়, ও এরোগেন্ট ছেলে না, এমন আমি কখনও দেখিনি। কিন্তু ও কেন বললো ওই সময়ের কথাটা, সেটা তো বলেনি। ও আমাকে বলেছে, ‘স্যার আমি নির্দিষ্ট কোনো কারণে বলিনি। আমি শুধু তখন অস্বস্তিবোধ করছিলাম। যে কারণে আমি বলেছি।’ হয়তোবা যেটা হয়, একটা দল হারলে অনেক সময় অনেক নেতিবাচকতা কাজ করে। নিজেদের গুটিয়ে রাখতে চায়।”
টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের এমন বক্তব্য প্রমাণ করে দলের হার আর নিজের ব্যর্থতা দুটির বোঝা এখন মানসিক ভাবে বয়ে বেড়াচ্ছেন লিটন দাস। আর সেই হতাশা থেকেই তিনি সেদিন এমন কাণ্ড ঘটিয়েছেন। কারণ সেদিন টিম হোটেলে অন্য ক্রিকেটাররা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে। কিন্তু তারা কেউই এমন আচরণ করেননি। কনরাড পুনে হোটেলে রোববার দুপুরে ওই ঘটনা ঘটে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন, এটি জানতে পেরে টিম হোটেলে যান বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকরা। প্রধান নির্বাচক তখন হোটেলে না থাকায় লম্বা সময় অপেক্ষা করতে হয় তাদের। এই সময় ক্রিকেটারদের অনেকেই বাইরে যান দুপুরের খাবার খেতে ও ঘুরে বেড়াতে। সংবাদকর্মীরা তাদের ছবি তোলেন ও ভিডিও করেন। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদসহ বেশ ক’জন ক্রিকেটার হাসিমুখে সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য বিনীময় করেন। কিন্তু লিটনের আচরণ ছিল একেবারেই ব্যতিক্রম। যদিও তিনি সেই ভুল বুঝতে পেরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন- ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
পুনেতে এসে তিন দিনের ছুটি দেয়া হয়েছে ক্রিকেটারদের। ভারতের বিপক্ষে নিজেদের প্রস্তুত করতে আজ থেকে তারা শুরু করবে অনুষ্ঠানিক অনুশীলন।