Home খেলাধুলা ফের রোনালদোর জোড়া গোল, বড় জয় পর্তুগালের

ফের রোনালদোর জোড়া গোল, বড় জয় পর্তুগালের

50

স্পোর্টস ডেস্ক।।

উড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, উড়ছে পর্তুগাল। টানা দ্বিতীয়বারের মতো জোড়া গোল পেলেন সিআরসেভেন। রনের নৈপুণ্যে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে টানা অষ্টম জয় পেলো পর্তুগাল। সোমবার রাতে বিলিনো পোলজে স্টেডিয়ামে স্বাগতিক বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-০ গোলে হারায় রবার্তো মার্টিনেজের দল।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল নাসর তারকা। ২০২৩ সালে ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল রোনালদোর। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে বছরের ৪০তম গোলের দেখা পান ক্রিস্টিয়ানো। এই তালিকায় যৌথভাবে দুইয়ে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দ এবং হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড বার্নাবাস ভার্গা। উভয়ের গোলই ৩৯টি করে।

 

তিনে থাকা পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা ৩৫। আর সদ্য টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমানো ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ৩৩ গোল নিয়ে আছেন চারে।
রোনালদোর জোড়া গোলের পর ২৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ম্যানইউর পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ৩২তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন বার্সেলোনার পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলো। আর ৪১তম মিনিটে ৫-০ গোলের জয় নিশ্চিত করেন আরেক বার্সা তারকা জোয়াও ফেলিক্স।
ইউরো বাছাইয়ে ৮ ম্যাচে ৮ জয়ে পূর্ণ ২৪ পয়েন্টে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে মূূল পর্বে পৌঁছালো পর্তুগাল। রানার্সআপ হিসেবে মূল পর্বের টিকিট পাওয়া স্লোভাকিয়ার পয়েন্ট ১৬। দুই দলেরই ইউরো বাছাইয়ে দুটি করে ম্যাচ বাকি আছে। সেই ম্যাচগুলোতে পর্তুগাল হারলে এবং স্লোভাকিয়া জয় পেলেও রোনালদোদের শীর্ষস্থান হারানোর কোনো শঙ্কা নেই। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় পর্তুগাল অধিনায়ক লিখেন, ‘আরেকটি জয় এবং পুরো দলের একটি দুর্দান্ত পারফরম্যান্স। গ্রুপের প্রথম স্থান নিশ্চিত করলাম আমরা। এখনো শক্তিশালী হচ্ছি আমরা।’