স্পোর্টস ডেস্ক।।
চলতি বিশ্বকাপে মুগ্ধ করেছে স্বাগতিক ভারতের পারফরম্যান্স। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই দাপুটে জয় তুলে নিয়েছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তো কোনো পাত্তাই দেয়নি রোহিত শর্মারা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও সহজ জয় তুলে নিয়েছে তারা। আগামী বৃহস্পতিবার ভারতের চতুর্থ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আগে একসময় এ দুইদলের লড়াই অসম থাকলেও, সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ম্যাচটিকে ঘিরে উত্তেজনার পারদ উপরের দিকেই থাকে।
দুই দলের সর্বশেষ সিরিজেও সাকিব আল হাসানরা হারিয়ে দিয়েছে ভারতকে। তবুও ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, ভারতকে হারানোর যোগ্যতা নেই বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ পূর্ববর্তী স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে টাইগারদের সম্পর্কে এমন মন্তব্যই করেন তিনি। এ বিষয়ে মাঞ্জরেকার বলেন ‘সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ। আমার মনে হয় তাদের সেই সামর্থ্যই নেই।’
ভারতের সাবেক ক্রিকেটার সরাসরি এমন কথা বললেও,ভারতের বিপক্ষে সাকিবদের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সর্বশেষ এশিয়া কাপেও টাইগাররা হারিয়ে দিয়েছে কোহলিদের। ২০১৯ সালের দুই দলের মুখোমুখি হয়েছিল চারবার। চারবারের লড়াইয়ে ৩টিতেই জয় তুলে নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
ধারাভাষ্যকার মাঞ্জরেকারের কাছে সাম্প্রতিক পরিসংখ্যান কোনো বিষয় নয়। এ ব্যাপারে তিনি বলেন, ‘তাদের (বাংলাদেশের) দলে এখন ভারসাম্য নেই, যেটা ভারতের আছে। ভারতের ব্যাটিং গভীরতা,পেস বোলিং, লেগ স্পিনার-সবই আছে। বাংলাদেশ তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের সেরাটাও যথেষ্ট নয় (ভারতকে হারাতে)।’
অবশ্য সাবেক এই ক্রিকেটারের এমনটা মনে হওয়ার কারণ হতে পারে, বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি সাকিব বাহিনী।











































