স্পোর্টস ডেস্ক।।
চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে চরম বিপদে পড়েছে দলটি। ২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৯ রানের মধ্যেই হারিয়ে বসেছে ৫ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে নেদারল্যান্ডস। জয়ের জন্য এখনো দরকার ১২৬ বলে ১৪৭ রান।
২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং একদম মন্দ করেনি দক্ষিণ আফ্রিকা। ৩৬ রান তোলেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। এরপরই শুরু হয় ধস। ৪৪ রানের মধ্যে দুই ওপেনারসহ ফেরেন এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডাসেন। পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটি। ৮৯ রানের মাথায় হেনরিখ ক্লাসেন ফিরে গেলে চরম বিপদে পড়ে দলটি।
এদিন বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। যেখানে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। ধর্মশালায় এদিন হালকা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় এক ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
ব্যাটিংয়ে নেমে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর ১১২ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে ডাচরা। ১৪০ রান তুলতে হারায় আরও ১ উইকেট। এরপর শুরু হয় লেজের ব্যাটারদের নিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের লড়াই। অষ্টম উইকেটে ভ্যান ডার মারউইকে নিয়ে গড়েন ৬৪ রানের লড়াকু জুটি। ২০৪ রানের মাথায় ১৯ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরন মারউই। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৩ ওভারে ওই ৮ উইকেট হারিয়েই ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস। ৬৯ বলে এডওয়ার্ডস তার ৭৮ রানের ইনিংস সাজান ১০ চার ও ১ ছক্কায়। ৯ বলে ৩ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন দশে নামা ব্যাটার আরিয়ান দুত্তা।
চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আজ হ্যাটট্রিক জয়ের খোঁজে মাঠে নেমেছে টেম্বা বাভুমার দল। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস। এতে শতভাগ জয় প্রোটিয়াদের।
ওয়ানডে ফরম্যাটে সবমিলিয়ে ৭ বার দেখা হয়েছে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার। এতে ৬ জয় প্রোটিয়াদের। ওরেঞ্জিরা জয় পায়নি একটিও। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। নিরপেক্ষ ভেন্যুতে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছে দুই দল। এতে শতভাগ সাফল্য দক্ষিণ আফ্রিকার।











































