স্পোর্টস ডেস্ক।।
গত মাসে আল নাসরের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ খেলতে ইরানে গিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সে সময় ইরানের চিত্রশিল্পী ফাতিমা হামামির সঙ্গে দেখা করেন সিআরসেভেন। ফাতিমা সে সময় তাকে একটি পেইন্টিং উপহার দেন।
ফাতিমা শারীরিকভাবে অক্ষম এবং তার শরীরের ৮৫ শতাংশই অচল। পা দিয়ে রোনালদোর জন্য পেইন্টিং করেন তিনি। কৃতজ্ঞতাস্বরূপ রোনালদো ফাতিমাকে একটি স্বাক্ষর করা জার্সি দেন এবং তাকে আলিঙ্গন করেন ও গালে চুমু দেন।
তবে, ইরানের আইন অনুযায়ী, নিজের স্ত্রী নন এমন নারীকে আলিঙ্গন করা ব্যাভিচারের সমান। এই প্রসঙ্গ এনে কয়েকটি ইরানি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, রোনালদোর বিরুদ্ধে ব্যাভিচারের অভিযোগ আনা হয়েছে এবং শাস্তি হিসেবে তাকে ৯৯টি বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়েছে।
এএফসি প্রতিযোগিতায় গ্রুপপর্বের ম্যাচ খেলতে ইরানে যেতে হবে না রোনালদোকে। তবে আল-নাসর যদি নকআউট পর্বে ওঠে তাহলে ইরানে খেলা পড়তে পারে। গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, রোনালদো যখনই ইরানের মাটিতে পা রাখবেন তখনই তার এই শাস্তি কার্যকর করা হবে।
তবে বিষয়টি গুজব বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। প্রতিবেদনে বলা হয়, মাদ্রিদে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতি দিয়ে এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানে কোনো আন্তর্জাতিক ক্রীড়াবিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের খবরকে দৃঢ়ভাবে অস্বীকার করছি।’











































