Home খেলাধুলা পাকিস্তানকে গুঁড়িয়ে ভারতের দাপুটে জয়

পাকিস্তানকে গুঁড়িয়ে ভারতের দাপুটে জয়

15

স্পোর্টস ডেস্ক।।

ভারত-পাকিস্তান ম্যাচকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে ধরা হয়। বিশ্বকাপ এলেও এ দুদলের লড়াই ভিন্ন মাত্রা যোগ করে। তবে চলমান আসরে মুখোমুখি লড়াইটা হলো একপেশে। ব্যাটে-বলে দারুণ খেলে বাবর আজমদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল রোহিত শর্মাবাহিনী।

আজ শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ভারতীয় বোলারদের তোপে ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ভর করে ৩ উইকেট হারিয়ে ও ১১৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে অবশ্য ওপেনার শুভমান গিলকে হারায় ভারত। ১৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে মাঠ ছাড়েন তিনি। এরপর বিরাট কোহলিও নিজের ইনিংস বড় করতে পারেননি। হাসান আলীর বলে আউট হওয়ার আগে ১৬ রান করেন তিনি।

ব্যতিক্রম ছিলেন অধিনায়ক রোহিত। তৃতীয় উইকেট জুটিতে আইয়ারের সঙ্গে তিনি ৭১ বলে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন। তবে সেঞ্চুরির কাছে গিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ৬৩ বলে ৬টি ছক্কা ও সমান চারে ঝড়ো ৮৬ রান করে আফ্রিদির দ্বিতীয় শিকারে পরিণত হন। তবে আইয়ার ৬২ বলে অপরাজিত ৫৩ ও লোকেশ রাহুল ১৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে একপাশ থেকে জসপ্রিত বুমরাহ চাপে রাখলেও ওভারপ্রতি প্রচুর রান দিচ্ছিলেন পেসার মোহাম্মদ সিরাজ। শেষ পর্যন্ত তার হাতেই আসে প্রথম ব্রেকথ্রু। দলীয় অষ্টম ওভারের শেষ বলে তিনি ফিরিয়ে দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিককে (২০)।

৪১ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট হারায় ৭৩ রানে। আরেক ওপেনার ইমামকে (৩৬) ফেরান হার্দিক পান্ডিয়া। ৭৪ রানে ফিরতে পারতেন মোহাম্মদ রিজওয়ানও। রবীন্দ্র জাদেজার বলে এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে ফেলেছিলে আম্পায়ার। রিভিউ নিয়ে বাঁচেন রিজওয়ান।

এরপর দলের হাল ধরেন দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তারা তৃতীয় উইকেট জুটিতে ১০৩ বলে ৮২ রান যোগ করেন। তাদের জুটিতে মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকেই যাচ্ছে পাকিস্তান। তবে ভারতীয় বোলাররা সময়মতো ফিরে এসে পাকিস্তান শিবিরকে লণ্ডভণ্ড করে দেয়। ৩৯ রানের ব্যবধানে পড়ে যায় বাকি ৮ উইকেট!

৩০তম ওভারে হাফসেঞ্চুরি করা পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেন মোহাম্মদ সিরাজ। ৫৮ বলে ৭টি চারে ৫০ রান করেন বাবর। তিন ওভার পরে জোড়া আঘাত করেন কুলদীপ যাদব। সৌদ শাকিলকে এলবির ফাঁদে ফেলার পর নতুন ব্যাটার ইফতিখার আহমেদকে বোল্ড করেন এই চায়নাম্যান স্পিনার।

পরের ওভারেই ৪৯ রানে থাকা মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেন জসপ্রিত বুমরাহ। উইকেটের ধারা অব্যাহত রাখেন এই পেসার। দুই ওভার পরেই শাদাব খানকে বোল্ড করেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ দিকেও ধারাবাহিকতা ধরে রাখে। মোহাম্মদ নওয়াজকে তুলে নেন হার্দিক পান্ডিয়া। আর হাসান আলী ও হারিস রউফকে মাঠ ছাড়া করার রবীন্দ্র জাদেজা।

ভারতীয় বোলারদের মধ্যে বুমরাজ, সিরাজ, যাদব, পান্ডিয়া ও জাদেজা দুটি করে উইকেট ভাগাভাগি করে নেন।