Home আঞ্চলিক যশোরে মৌসুম শেষেও ইলিশ জোটেনি সাধারণের পাতে

যশোরে মৌসুম শেষেও ইলিশ জোটেনি সাধারণের পাতে

62

যশোর ব্যুরো।।
‘ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ খাইতে পারিনি। কিনব কি করে; এবার ইলিশের যে দাম! গেল কয়েক বছরের তুলনায় এবার ইলিশের দাম ছিল ডাবল। এতো দামে খাওয়া সম্ভব না তো! মাছের দাম যে এতো বেশি ছিল জিজ্ঞেস করার সাহসও পাইনি। তাই ইলিশ কিনি নাই, কিনার ইচ্ছাও করেনি’। এভাবেই আক্ষেপের সুরে এ বছর ইলিশ না কেনার সামর্থ্য না থাকার বর্ণনা দেন শহরের বেজপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন।

 

বড়বাজারে আলমগীর বলেন, ‘বাজারে এলে কিছুই কিনে শান্তি পাই না। সব কিছুতেই আগুন জ্বলা দাম! যে জিনিস কিনতে যাই, সেটারই দাম বেড়ে যায়। যে বাজেট নিয়ে বের হই, তা দিয়ে আর সবকিছু কেনা হয় না। ইলিশ কিনব কি করে! বাজারে এলেই তো ঘাম ছুটে যায়। এভাবে কী চলা যায়?’ প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে চড়া দামের জাতীয় মাছ ইলিশ না খাওয়ার অভিযোগ শুধু আলমগীরে নয়; শহরের বিভিন্ন ছাত্রাবাসের শিক্ষার্থীসহ নিু-মধ্যম আয়ের বেতনের চাকরিজীবীদেরও।

শহরের স্টেডিয়াম পাড়ার ড্রীম হাউজ ছাত্রাবাসের শিক্ষার্থী সেলিম হোসেন ও আলামিন হোসেন জানান, মূলত ছাত্রাবাসে নির্ধারিত অংকের টাকার মধ্যে বাজার করতে হয়। তিন দিনের বাজারে ম্যানেজার টাকা দেয় তিন হাজার টাকা। ২২ জনের সদস্যের এই টাকাতে তিন দিনের মাছ-সবজি, এক বেলার মাংস, আর তেল মসলা কিনতে হয়। বর্তমানে সবজি এবং অন্য মাছের যে দাম তাতে খাবারের তালিকাতে ব্যতিক্রম কিছু রাখব; ইচ্ছা থাকলেও করা যাচ্ছে না দামের কারণে। তাদের ভাষ্য, ‘এ বছর এক টুকরোও ইলিশ মাছ পাতে জোটেনি। নিয়মিত ছাত্রাবাসে যে মাছ খায় তেলাপিয়া আর পাঙাশ, সেটার দামও দিনকে দিন বাড়ছে। যেভাবে সবকিছুর দাম বাড়ছে, তাতে আমাদের মতো মানুষদের কিছুই কিনে খাবার উপায় নেই।’

বড় বাজারের মিম ফিস সাপ্লাই হাউজের সাজ্জাদ হোসেন বলেন, ‘এবারের ইলিশের মৌসুম শেষ। গত কয়েক বছরের তুলনায় এবার যশোরে ইলিশের সাপ্লাইও কম ছিল; দামও ছিল ডাবল। তেমন একটা বেচাকেনা হয়নি। গত বছরের তুলনায় অনেক কম।

এই বাজারে সবচেয়ে প্রবীণ মাছ বিক্রেতা ধলু শেখ। চার দশক ধরে বিভিন্ন মাছ বিক্রি করেন তিনি। ইলিশের মৌসুমে ইলিশ বিক্রি করেছেন তিনি। বুধবার রাত নিষেধাজ্ঞার কারণে শেষ ইলিশ বিক্রি করেছেন তিনি। এই বিক্রেতার ভাষ্য, ‘ইলিশের দাম আমার জীবনে এমন হতে দেখেনি। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১,৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়েছে। ৪০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ৭০০ থেকে হাজার টাকা করে। আবার ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার টাকা কেজি দরে। আর ১ কেজি কিংবা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ২০০ থেকে ২২শ টাকা কেজি দরে। তবে ক্রেতাদের বেশির ভাগই ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির। সাধারণ ও নিু আয়ের ক্রেতাদের তেমন দেখা যায়নি।

সত্যরঞ্জন দাস নামে আরেক মাছ বিক্রেতা বলেন, ‘এবার জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে অনেক কম। এ কারণে বাজারগুলোয় আগের মতো ইলিশ পাওয়া যায় না। যা পাওয়া যায়, দাম বেশি। তিনি জানান, ‘শুধু যে এবার ইলিশের দাম বেশি ছিল তা নয়; অন্য মাছের দামও বেশি।’