পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সরল খাঁ দিঘির শেওলা ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে প্রাণ ফিরে পাচ্ছে।
দিঘির শেওলা ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। এর মাধ্যমে ঐতিহ্যবাহী দিঘিটির পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আসবে এবং দিঘিটিই হবে পৌরসভার চিত্তবিনোদনের অন্যতম মাধ্যম।
বৃহস্পতিবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন শেষে এমন সম্ভাবনার কথা জানান ইউএনও মুহাম্মদ আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর মো. আব্দুল গফফার মোড়ল, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লতিফা আখতার, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারী, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, মাওলানা আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক সরদার, আব্দুল্লাহেল বাকী ও মিনারুল ইসলাম।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সরল খাঁ দিঘি। দিঘিটি প্রায় ৫শ বছরের পুরাতন। এলাকায় প্রচলিত আছে তৎকালীন সময়ে হযরত খানজাহান আলী (রহ.) এর অনুসারী পীর সরল খাঁ দিঘিটি খনন করেন। এক সময় যে দিঘির পানি এলাকার মানুষের রান্না-খাওয়াসহ প্রয়োজনীয় চাহিদা মিটিয়েছে কালক্রমে সে দিঘিটি নিজেই অস্তিত্ব সংকটে পরে। ঐতিহ্যবাহী দিঘির জায়গা নানাভাবে জবর দখল হওয়ায় সংকুচিত হয়ে পড়েছে। পীর সরল খাঁ এবং দিঘিটি ঘিরেই রয়েছে পাইকগাছার ইতিহাস ও ঐতিহ্য।
জানা যায়, সরল খাঁ’র নামেই নামকরণ হয় সরল গ্রাম। তার পাইক পেয়াদাররা গাছে নৌকা বাঁধতো সেখান থেকেই নাম হয় পাইকগাছা। দিঘির পাশেই যেখানে বাদী-দাসীরা বাস করতো। এখানকার নাম হয় বান্দিকাটী গ্রাম। যেখানে গোশালা ছিল সেখানকার নাম হয় ঘোষাল। লোক লস্কর যেখানে থাকতো সেখানকার নাম হয় লস্কর। এভাবেই সরল খাঁ এবং সরল খাঁ দিঘিকে ঘিরেই রয়েছে পাইকগাছার ইতিহাস ও ঐতিহ্য।
এছাড়া তৎকালীন সময়ে এই দীঘির পানি পান করে অসংখ্য মানুষ রোগ বালাই থেকে মুক্তি পেয়েছে বলে এলাকায় প্রচলন রয়েছে। ১৫ বিঘা আয়তনের দিঘিটি দীর্ঘদিন সংস্কার ও পরিচর্যার অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শেওলা ও আগাছায় ভরে গেছে গোটা দিঘিটি।
দিঘিটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সংস্কার করে চিত্তবিনোদনের ব্যবস্থা করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন ইউএনও মুহাম্মদ আল-আমিন। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী দিঘিটিতে একটি দৃষ্টিনন্দন পার্ক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।











































