খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব/উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের দ্বিতীয় পর্যায়ের চেক হস্তান্তর করা হয়েছে। এ পর্যায়ে ৩২ জন গবেষকের গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ০৯ অক্টোবর (সোমবার) বেলা ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের নতুন উদ্বোধনকৃত কনফারেন্স রুমে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, গবেষকের কাজ গবেষণা করা এবং গবেষণালব্ধ ফলাফল প্রচার করা। বর্তমান সময়ে গবেষণার ক্ষেত্রে গ্লোবাল ইমপ্যাক্ট দেখা হয়। এজন্য গবেষণার যথাযথ মান ধরে রাখতে হবে। এর পাশাপাশি কোলাবরেটিভ রিসার্চের দিকেও নজর দিতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন সবই আমরা ইতোমধ্যে অর্জন করেছি। এখন প্রয়োজন ভৌত অবকাঠামোর উন্নতি। কারণ, কোয়ালিটি এডুকেশন ও রিসার্চের জন্য কোয়ালিটি এনভায়রনমেন্ট ও ইকোসিস্টেম প্রয়োজন।
উপাচার্য বলেন, গবেষণার জন্য সিনিয়র শিক্ষকদের পাশাপাশি আজ অনেক নবীন শিক্ষক অনুদান পেয়েছেন এটা আমাকে অনুপ্রাণিত করেছে। এখানকার শিক্ষকরা গবেষণার জন্য যে নিবেদিত তা আবারও প্রমাণিত হলো। ২০১৮-১৯ অর্থবছরের গবেষণা বরাদ্দ ৩৫ লাখ থেকে ২০২৩-২৪ অর্থবছরে ৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক দিক। শিক্ষকদের পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদেরও গবেষণায় উৎসাহিত করতে অনুদান দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের চিত্র অনেকটাই বদলে গেছে। আগামী দুই বছরে আরও দ্রুতগতিতে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পথে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। খুলনা বিশ্ববিদ্যালয় দেখিয়েছে কীভাবে সবাই মিলে এগিয়ে যেতে হয়। ফলে আজ অনেক ফোরামে আমাদের এই উন্নতির চিত্রকে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, গবেষণায় বরাদ্দপ্রাপ্ত এই অর্থ জনগণের ট্যাক্সের টাকা। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। গবেষণা যেন মানসম্মত হয় এবং গবেষণালব্ধ ফল যেন সমাজ, দেশ ও জাতির কল্যাণে আসে সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক প্রফেসর ড. তরুণ কান্তি বোস। অনুদানপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আজাহারুল ইসলাম এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রভাষক আসমা চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।
এর আগে ফিতা কেটে আচার্য প্রফুল্ল চন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে নিরাপত্তাকর্মীদের দক্ষতা
বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ড্রাইভ ফর এ বেটার সেফটি এন্ড সিকিউরিটি সিস্টেম’ শীর্ষক নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ ০৯ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি হচ্ছে সামগ্রিক বিষয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই কোয়ালিটি মেইনটেনের সাথে যুক্ত। নিরাপত্তাকর্মীদের কাজের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নিরাপত্তাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে চোখ। আমরা তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোথায় কি হচ্ছে জানতে পারি। আপনাদের উচিত বিবেকবান মানুষ হিসেবে সব বিষয়ে খোঁজ রাখা এবং বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা।
তিনি আরও বলেন, সময়ের সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। আমাদেরও সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। বয়সের সাথে পুঁথিগত শিক্ষার সমাপ্তি ঘটলেও আমরা প্রতিনিয়ত শিখছি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি হচ্ছে। তিনি এই প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এসময় আরও বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. নাজিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘ট্রেইটস্ অব এ সিকিউরিটি গার্ড’ শীর্ষক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। রিসোর্স পারসন হিসেবে অন্যান্য সেশন পরিচালনা করেন খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) আব্দুল কাদের বেগ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ এবং বেসরকারি সিকিউরিটি সার্ভিস জিফোর এস এর সিনিয়র ম্যানেজার ও খুলনা শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক, নিরাপত্তা হাবিলদার ও নিরাপত্তাকর্মীসহ মোট ৫৫ জন অংশগ্রহণ করেন।
খুবি রিসার্চ সোসাইটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্যোগে ‘দ্য আর্ট অব ব্রিজিং দ্য গ্যাপ: রিসার্চ মেথডোলজি এন্ড সায়েন্টিফিক রাইটিং’ শীর্ষক এক সেমিনার ০৯ অক্টোবর (সোমবার) বিকাল ৪টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সেমিনারে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন ও রিসার্চ সোসাইটির উপদেষ্টা প্রফেসর ড. মো. নূর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজুল আবেদিন সম্পদ। পরে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির ওয়েবসাইট উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।











































