স্পোর্টস ডেস্ক।।
ওয়ানডে ফরম্যাটে ছন্দে রয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ শুরুর আগে এ বছর ১৬ ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরির দেখা পান তিনি। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ভারতের পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট বিরাটের। দুর্দান্ত কোহলি ভাঙাগড়া করেছেন অনেক রেকর্ড। তেমনই আরো তিনটি বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে। এবারের বিশ্বকাপেই হয়তো দেখা মিলবে সেগুলোর। দু’টো মাইলফলক ছুঁতে পারেন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
এশিয়ায় খেলে ১৫ হাজার রান
এশিয়ায় খেলা আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০ রানের মাত্র কিছু দূরে কিং কোহলি। এই মাইলফলক ছুঁতে ভারতীয় ব্যাটারের প্রয়োজন মাত্র ৭৬ রান। এশিয়ায় সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। প্রথম তিনজন যথাক্রমে শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে।
তিনে নেমে ১১ হাজার রান
অসাধারণ ধারাবাহিকতায় তিন নম্বর ব্যাটার হিসেবে খেলতে নামা বিরাটের রান সংখ্যা ১০,৯৬২।
ওয়ানডাউন ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির প্রয়োজন মাত্র ৩৮ রান। ১২ হাজার ৬৬২ রান করে শুধুমাত্র একজনই এই তালিকায় বিরাটের থেকে এগিয়ে। তিনি সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।
একদিনের ক্রিকেটের সেঞ্চুরিতে শচীনকে টপকানো
ক্রিকেট বিশ্বের ব্যাটিংয়ের অধিকাংশ রেকর্ড যার ব্যাট থেকে এসেছে তিনি শচীন টেন্ডুলকার। ওয়ানডে বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে গড়ে ৫৭ এবং মোট ২২৭৮ রান করে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের এই কিংবদন্তি। হাঁকিয়েছেন ৬টি শতক। মাত্র একটি সেঞ্চুরির জন্য শচীন একদিনের ক্রিকেটে শতকের হাফ সেঞ্চুরির দেখা পাননি। এখানেই তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ৪৭টি সেঞ্চুরি ইতোমধ্যে নিজের নামে করে নিয়েছেন তিনি। আর মাত্র দুটি শতক করলেই ছুঁয়ে ফেলবেন শচীনকে। তিনটি করলে টপকে যাবেন লিটল মাস্টারকে।











































