Home খেলাধুলা ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত টিকিট ছাড়লো বিসিসিআই

ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত টিকিট ছাড়লো বিসিসিআই

53

স্পোর্টস ডেস্ক।।

বরাবরের ন্যায় এবারও দর্শকদের আগ্রহের তুঙ্গে ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ। গত জুলাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রাউন্ড রবিন লীগ ম্যাচের টিকিট ছাড়ার কয়েক মিনিটেই তা শেষ হয়ে গিয়েছিল। এবার দর্শকদের সুখবর দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত ১৪ হাজার টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে তারা।

আগামী ১৪ই অক্টোবর বিশ্বকাপের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গতকাল হাইভোল্টেজ ম্যাচটির জন্য অতিরিক্ত ১৪ হাজার টিকিট ছাড়ে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হবে আজ (গতকাল) দুপুর ১২টা থেকে। টিকিটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।’

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঞ্চস্থ হচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। এই স্টেডিয়ামেই ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-ইংল্যান্ড। গতবারের দুই ফাইনালিস্টদের ম্যাচটিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি প্রায় শূন্য ছিল। তবে দর্শকদের আগ্রহের তুঙ্গে থাকা ভারত-পাকিস্তান ম্যাচে অন্য দৃশ্যই দেখা যাবে।

বিশ্বকাপের সূচি ঘোষণা পর থেকেই ম্যাচটি দেখার জন্য আহমেদাবাদে হোটেল বুকিং দিয়েছে ভক্ত-সমর্থকরা। অনেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে আহমেদাবাদের হাসপাতালেও বুকিং দিয়েছেন।
গত জুলাইয়ে স্থানীয় দৈনিক আহমেদাবাদ মিররের প্রতিবেদনে বলা হয়, শুধু গুজরাট নয়; ভারতের বাইরে থেকেও মানুষ হাসপাতালে বুকিং দেয়ার চেষ্টা করেছেন। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য হোটেল ভাড়া বেড়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে হাসপাতালে খোঁজ করেছেন ক্রীড়ামোদীরা।

আহমেদাবাদ মিররের প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হোটেলগুলোয় থাকতে প্রতি রাতে খরচ করতে হতে পারে ৫০ হাজার থেকে ৭০ হাজার রুপি। কোনো কোনো হোটেলে নাকি রাতপ্রতি ১ লাখ রুপি (প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা) খরচ করতে হতে পারে!
২০২৩ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজিত হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও হবে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে।