Home আঞ্চলিক চাকরির প্রতিশ্রুতি অর্থ আত্মসাৎ: হাইকোর্ট থেকে জামিন নিয়ে উধাও এলজিইডির পিয়ন খেদের...

চাকরির প্রতিশ্রুতি অর্থ আত্মসাৎ: হাইকোর্ট থেকে জামিন নিয়ে উধাও এলজিইডির পিয়ন খেদের আলী

58

 

 

নিজস্ব প্রতিনিধি।।

চাকরির প্রতিশ্রুতি দিয়ে মানুষের থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন শরীয়তপুরের এলজিইডি অফিস সহকারী খেদের আলী। তার নামে চুয়াডাঙ্গায় মামলা হলে হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়ে উধাও হয়ে যান তিনি। এলজিইডি অফিসে চাকরি করলেও অফিসে তিনি অনুপস্থিত। বন্ধ রেখেছেন মোবাইল ফোনও।

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বিলকোলা দফরপুর গ্রামের মরহুম আমির উদ্দিন বিশ্বাসের ছেলে মো. খেদের আলী। অফিস সহকারী পদে চাকরি করলেও খেদের আলী ব্যবহার করেন বিলাসবহুল গাড়ি। গ্রামের বাড়িতে রয়েছে কয়েক একর চাষের জমি। বাড়ি তৈরি করেছেন প্রায় কোটি টাকা খরচ করে।

মূলত মানুষকে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বিপুল অর্থের মালিক হয়েছেন খেদের আলী। কিন্তু কাউকে চাকরি দিতে পারেনি। মূলত তিনি প্রতারণার উদ্দেশ্যেই এই কাজ করেন। অনেকেই পাওনা টাকার জন্য ধর্না দিলেও তিনি তাদের কারও ফোন ধরেন না। উল্টো পুলিশ প্রশাসনের ভয় দেখান। তবে চুয়াডাঙ্গায় এমন একজন ভুক্তভোগী প্রতারক খেদের আলীর নামে মামলা (সিআর মামলা নং ৬৭১/২৩) করার পর থেকেই লাপাত্তা হয়ে গেছেন।

এই মামলায় তিনি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে ছয় সপ্তাহের আগাম জামিন প্রাপ্ত হন। উক্ত ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হয়েছে ২০ সেপ্টেম্বর। ওই একই দিনে আদালতে হাজিরার পিটিশন দিলেও কোর্টে হাজির হননি। পরে অনেকবার ডাকাডাকি করেও তার হদিস পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তিনি এখন কর্মস্থলে ডিউটি না করে আত্মগোপনে আছেন।

এদিকে আদালতে হাজিরা না দিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ায় চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খেদের আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অভিযুক্ত খেদের আলীর ফোন নাম্বারে বারবার ফোন দিয়েও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।