খবর বিজ্ঞপ্তি।।
গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, নগরীতে মাদক, জুয়া, ভূমিদস্যুতা এবং সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রমে নিরাপত্তাহীনতায় নগরবাসী। এ অবস্থার অবসান ঘটিয়ে মানুষের নিরাপত্তা প্রদানের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে সরকার গঠনের পরে মাদক, জুয়া, ভূমিদস্যুতা এবং সন্ত্রাসীদের উপর কঠোর অবস্থান নেয়ায় এ অঞ্চলের মানুষ অনেক শান্তিতে বসবাস করেছে। কিন্তু ইদানিং নির্বাচন সমাগত হওয়ায় সমাজের ওই সকল অনাকাঙ্খিতরা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। বর্তমানে খুলনা মেট্টোপলিটন পুলিশের নতুন কমিশনার আসার পরে ভূমিদস্যু এবং জুয়ার আখড়ায় অভিযান হয়েছে।
যেখান থেকে নগদ অর্থসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার ও গ্রেফতার এবং ভূমিদস্যুকে গ্রেফতার করেছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। তবে কয়েকদিন ধরে নগরীতে সন্ত্রাসীরা আবারও তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এই সকল চক্রের হাত থেকে সমাজকে রক্ষা করতে আইন-শৃংখলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। নেতৃবৃন্দ বলেন, এরা যারাই হোক না কেন অথবা যে দলেরই হোক না কেন।
এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ কোন অন্যায়, অপকর্ম আর অনৈতিক কাজের কখনও সমর্থন করেনি, আগামীতেও করবে না। সুতরাং এদের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ এ সকল ভালো কাজের জন্য আইন-শৃংখলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে।
অবিলম্বে খুলনা মেট্টোপলিটন এলাকার এ সকল দুষ্কৃতিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।











































