Home আঞ্চলিক আজও রেহাই মেলেনি ‘নির্দোষ’ ৫ জনের

আজও রেহাই মেলেনি ‘নির্দোষ’ ৫ জনের

69

স্টাফ রিপোর্টার
বহুল আলোচিত খুলনার রহিমা বেগম ‘অপহরণ’ মামলা থেকে আজও রেহাই মেলেনি পাঁচজনের। মামলাটির তদন্তে অপহরণ নয়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর প্রমাণ পেয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নির্দোষ হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে মামলার পুনঃতদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে পাঁচ আসামিকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি তাঁরা।

২০২২ সালের ২৭ আগস্ট খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ রহিমা বেগম। তাঁকে অপহরণের অভিযোগ তুলে পরদিন মেয়ে আদুরি আক্তার দৌলতপুর থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার করা হয় প্রতিবেশী মো. মহিউদ্দিন ও তাঁর ভাই গোলাম কিবরিয়া, নুরুল আলম জুয়েল ও তাঁর ভাই রফিকুল আলম পলাশ এবং হেলাল শরীফকে।
রহিমা নিখোঁজের পর মেয়ে মরিয়ম মান্নানসহ পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন, মানববন্ধন, পোস্টারিং ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মাকে ফিরে পেতে মরিয়মের আহাজারির ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৪ সেপ্টেম্বর দৌলতপুর থানা পুলিশ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুল কুদ্দুসের বাড়ি থেকে আত্মগোপনে থাকা রহিমাকে উদ্ধার করে। এরপর তাঁর ছেলে মিরাজ আল সাদী আদালতে জবানবন্দিতে বলেন, তাঁর মাকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যান।

কথিত অপহরণ মামলায় তদন্ত কর্মকর্তা পিবিআই খুলনার ইন্সপেক্টর আবদুল মান্নান গত ১৩ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, তদন্তে রহিমাকে অপহরণের প্রমাণ মেলেনি। বরং জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর প্রমাণ মেলে। সে কারণে তদন্ত প্রতিবেদনে রহিমা, তাঁর মেয়ে মরিয়ম এবং আরেক মেয়ে ও মামলার বাদী আদুরির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া এর আগে অপহরণ মামলায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল, তারা নির্দোষ হওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়। অপহরণ মামলায় গ্রেপ্তার হেলাল শরীফ, গোলাম কিবরিয়া ও মহিউদ্দিন বলেন, তারা রহিমার সৎছেলের কাছ থেকে জমি কিনেছিলেন। সে কারণে তাদের শায়েস্তা করার জন্য রহিমা ও তাঁর সন্তানরা অপহরণের নাটক সাজান। মামলাটি এখন নতুন করে সিআইডি তদন্ত করছে। মামলার ধার্য তারিখে তাদের আদালতে যেতে-আসতে সময় ও অর্থ ব্যয় হচ্ছে। বাদী আদুরি আক্তার বলেন, তারা তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন। খুলনা সিআইডির পুলিশ সুপার শম্পা ইয়াসমিন বলেন, গুরুত্ব সহকারে আলোচিত এ মামলার তদন্ত করা হচ্ছে। আরও কিছু দিন সময় লাগবে।