নিজস্ব প্রতিনিধি
প্রায় ২০ বছর আগের কথা। একদিন বিকেলে হাটে মাছ বিক্রি করে নদীর তীর ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন জেলে ঠান্ডু মণ্ডল। এর কিছুদিন আগে হাট থেকে তাঁর বাইসাইকেল চুরি হয়। এ নিয়ে ভীষণ মন খারাপ। কত দিন ধরে টাকা গুছিয়ে একটি বাইসাইকেল কিনতে পারবেন– সেই অঙ্ক কষতে কষতে সেদিন বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ তাঁর চোখ আটকে গেল নদীর ওপারের কূলে। দেখলেন, বিশাল একটা মাছ পানির ওপর মাথা তুলে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। দেরি না করে নেমে পড়লেন নদীতে। বুক দিয়ে চেপে ধরে তীরে তুললেন ১২ কেজি ওজনের আইড় মাছ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নের মাথাভাঙ্গা নদীর তীরবর্তী অনুপনগর গ্রামের জেলে ঠান্ডু মণ্ডলের এই ঘটনা এলাকাবাসীর স্মৃতিতে আজও তাজা মাছের মতো লাফায়। তারা বলেন, বিশাল আইড় মাছটি বিক্রি করে একটি বাইসাইকেল কিনে বাড়ি ফিরেছিলেন ঠান্ডু। কৈশোরের এই ঘটনা শুনে বিস্মিত হয়েছিলেন একই গ্রামের যুবক কামরুজ্জামান। তবে এত বড় মাছ এখন আর মাথাভাঙ্গায় মেলে না। দূষণ ও ভরাটে নদীটি মৃতপ্রায়। গত আগস্টের প্রথম সপ্তাহে কামরুজ্জামানের সঙ্গে এসব নিয়ে মাথাভাঙ্গার তীরে বসে কথা হয়। কামরুজ্জামান জানান, ৮-১০ বছর আগেও বর্ষাকালে নদীতে ভরপুর পানি থাকত। দুই কূল ছাপিয়ে পানের বরজ, ধানের জমিতে পানি উঠে যেত। পানি কমলে চলত মাছ ধরার উৎসব। বড় বড় চিংড়ি, আইড়, কাতলা, বোয়াল, শোল– কোথায় গেল সেই মাছ! কত মানুষ মাছ ধরে বিক্রি করে সংসার চালিয়েছে। আর এখন বর্ষা চললেও নদীতে হাঁটুপানি; মাছ থাকবে কোথায়!
কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বুকচিরে বয়ে গেছে মাথাভাঙ্গা নদী। এটি বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী; দৈর্ঘ্য ১৩৫ কিলোমিটার। কুষ্টিয়ার পদ্মা নদীর অংশ থেকে মাথাভাঙ্গার উৎপত্তি। কয়েক বছর ধরে বর্ষায় নদীর পানি কিছুটা বাড়ে; অন্য সময় থাকে হাঁটুর নিচে। কামরুজ্জামানের সঙ্গে আলাপের দুই সপ্তাহ পর জানা যায়, মাথাভাঙ্গায় বর্ষার পানি এসেছিল; কিন্তু প্রায় এক মাস পর আবার কমে যায়।
নদীটির মৃতপ্রায় দশার জন্য তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের দায় বেশি। কারণ, বর্ষা ছাড়া বাকি সময়টা নদীজুড়ে শুধু জাল (পাতা জাল) ও কোমরবাঁধ (গাছের ডাল ফেলে মাছ ধরার ফাঁদ) চোখে পড়ে। দীর্ঘদিন এসব ফাঁদের ডাল পানির ভেতর থাকায় পচে মাটিতে আটকে যায়। এ কারণে স্রোত বাধাপ্রাপ্ত হয়ে পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় শুকিয়ে নালার মতো হয়ে গেছে। এ ছাড়া নানাভাবে নদীদূষণ চলছে। যত্রতত্র চলে ময়লা ফেলা। নদীতে জাগ দেওয়া হয় পাট। এসব কারণে নদীদূষণ হয়ে গত বছরের আগস্টে হঠাৎ মরা ও আধমরা মাছ ভেসে উঠতে থাকে। এ ঘটনায় গঠিত তদন্তক দল নদীতে নেমে আবর্জনার বড় একটি স্তর পায়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর গড় প্রশস্ততা ৯৫ মিটার। বর্ষায় পানির গড় গভীরতা থাকে ৯ দশমিক ৫০ মিটার। তবে শুষ্ক মৌসুমে গড়ে তা ১ দশমিক ২৫ মিটারে নেমে আসে। তখন অনেক স্থানে নদী শুকিয়ে চর পড়ে যায়।
বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন বলেন, নদীটি এই ইউনিয়নের ভেতরে ৭-৮ কিলোমিটার পড়েছে। পুরো নদীই পুনর্খনন জরুরি। নদীটি রক্ষায় এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করব। নদীটির বর্তমান দশার জন্য মানুষকেই দায়ী করছেন ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটি’র সভাপতি প্রাক্তন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। তিনি বলেন, সরকারি কোনো সংস্থারও নদীর প্রতি সুদৃষ্টি নেই। দীর্ঘদিন পর পর নদীতে লোক দেখানো অভিযান চালানো হয়। কিন্তু এতে কাজ হয় না। নদীতে পানি না থাকার কারণ হিসেবে উৎসমুখ সংকুচিত হওয়ার কথা জানালেন চুয়াডাঙ্গা পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ। তিনি বলেন, মাথাভাঙ্গায় কীভাবে সারাবছর পানি ধরে রাখা যায়, সে জন্য গবেষণা চলছে।
জেলা মৎস্য জরিপ কর্মকর্তা আতাউর রহমান জানান, নদীতে মাঝেমধ্যে কিছু পোনা ছাড়ে মৎস্য অফিস। প্রশাসন নদীতে অভিযানে গেলে তাদের দু-একজন কর্মকর্তাও সঙ্গে যান। এর বাইরে মাথাভাঙ্গার মাছ রক্ষায় তেমন কোনো উদ্যোগের কথা জানাতে পারলেন না তিনি। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, এর আগে নদীতে অভিযান চালানো হয়েছে। এবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষকরা পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন। এ কারণে নদীতে পাট জাগ দিতে দেওয়া হয়েছে। কিছুদিন পর আবার অভিযানে নামা হবে। জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা বলেন, নদী রক্ষায় আমরা জনসচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের নদী রক্ষা কমিটি আছে। কেউ যাতে নদীর ক্ষতি করতে না পারে, সে জন্য আমরা সতর্ক আছি।











































