Home খেলাধুলা শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি মিরাজ-তানজিদের লড়াই

শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি মিরাজ-তানজিদের লড়াই

55

স্পোর্টস ডেস্ক।।

ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচে দুই রকম অভিজ্ঞতা হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশাল লক্ষ্য তাড়া করে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তেমন ভালো করতে পারেনি। ইংলিশদের বিপক্ষে যা প্রাপ্তি তা হলো মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের লড়াকু ব্যাটিং। আজ সোমবার ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

আসামের গুয়াহাটিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকলে খেলা ৩৭ ওভারে নেমে আসে। তবে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংলিশদের সামনে ৩৭ ওভারেই লক্ষ্য দাঁড়ায় ১৯৭। কিন্তু আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৪.১ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুতেই অবশ্য আঘাত করেন মোস্তাফিজুর রহমান। ৪ রান করা দাউদ মালানকে তানজিদের ক্যাচ বানান তিনি। এরপর আরেক ওপেনার জনি বেয়ারস্টোকে (২১ বলে ৩৪) বোল্ড করেন দ্য ফিজ। তাসকিন, শরিফুল, হাসান মাহমুদদের তোপে ইংলিশরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাটে ঠিকই ঝড় তোলে। শেষ দিকে নাসুম আহমেদের বলে মঈন আলী আউট হলেও এই বাঁহাতি ৩৯ বলে ২টি চার ও ৬টি ছক্কা হাঁকান।

বাংলাদেশি বোলারদের মধ্যে ছন্দে ফেরা মোস্তাফিজ সর্বোচ্চ দুটি উইকেট পান। এছাড়া তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ও নাসুম একটি করে উইকেট পান। এদের মধ্যে অবশ্য তাসকিন ছাড়া সবাই ছিলেন বেশ খরুচে।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এ ম্যাচে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এ ম্যাচেও বিশ্রামে ছিলেন। তবে ইংলিশ বোলারদের তোপে শুরুতেই লিটন দাস ও শান্তকে হারায় টাইগাররা। দুটি উইকেটই নেন রিসে টপলি। কিন্তু এরপর হাল ধরেন তানজিদ হাসান ও মিরাজ। শ্রীলংকা ম্যাচে ভালো করা এই ব্যাটাররা দলকে বড় স্কোরের স্বপ্ন দেখান।

অসাধারণ ব্যাটিং করা তানজিদ শেষ পযন্ত ৪৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৫ করে মার্ক উডের বলে বোল্ড হন। মিরাজ অবশ্য শেষ অবধি লড়ে যান। আগেরও ম্যাচেও ফিফটির দেখা পাওয়া এই ডানহাতি ৮৯ বলে ১০টি চারে ৭৪ করে ডেভিড উইলির বলে বোল্ড হন। তরুণদের এগিয়ে আসার ম্যাচে ব্যর্থ হন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৮)।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান রিসে টপলি।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের পর্দা উঠবে। যেখানে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।