আন্তর্জাতিক ডেস্ক।।
এবার খুবই কম খরচে পাওয়া যাবে এমন একটি ম্যালেরিয়া টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন বৃহৎ পরিসরে এই টিকার উৎপাদন ও বণ্টন করা সম্ভব হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই টিকা তৈরি করেছেন। বিশ্বে ম্যালেরিয়া নিয়ে এটি দ্বিতীয় টিকা। তবে এটি স্বল্পখরচে বানানো সম্ভব। জানা গেছে, ইতোমধ্যে বছরে ১০ কোটি টিকা উৎপাদনের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দশকের পর দশক ধরে মানবজাতির জন্য বড় হুমকি হয়ে রয়েছে ম্যালেরিয়া। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অনেক শিশু ও নবজাতক। ২০২১ সালে বিশ্বজুড়ে ২৪ কোটি ৭০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল এবং ৬ লাখ ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগেরই বয়স পাঁচ বছরের নিচে।
ম্যালেরিয়া প্রতিরোধে কার্যকরী টিকা তৈরিতে ১০০ বছরেরও বেশি সময় লেগেছে বিজ্ঞানীদের। খুবই জটিল এক অণুজীবের কারণে এই রোগ হয়। মূলত মশার মাধ্যমেই এই ভাইরাসটি ছড়ায়। অন্যান্য ভাইরাসের চেয়ে এটি আলাদা কারণে ম্যালেরিয়া মানবদেহে প্রতিনিয়ত আকার পরিবর্তন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে লুকিয়ে থাকতে পারে। এতে করে আমাদরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ম্যালেরিয়াকে ধরতে পারে না এবং ভ্যাকসিন তৈরিও কঠিন হয়ে পড়ে।
২ বছর আগে গ্লাক্সো স্মিথ কিনের তৈরি আরটিএস ম্যালেরিয়া টিকার অনুমোদন দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক ড. টেড্রোস আধানোম গেব্রিয়াসুস বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন। তিনি বলেন, ‘আমি এমন দিনের স্বপ্ন দেখতাম যেদিন ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার একটি টিকা থাকবে আমাদের। আর আজ আমাদের দুইটি টিকা রয়েছে।’
সংস্থাটি জানায়, দুটি টিকাই কাছাকাছি। কোনটি বেশি কার্যকরী তা এখনোই বলার মতো কোনো প্রমাণ তাদের কাছে নেই।
এখন পর্যন্ত বিশ্বব্যাপী আরটিসের মাত্র ১ কোটি ৮০ লাখ ডোজ টিকা রয়েছে। তবে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বছরে ১০ কোটিরও বেশি নতুন টিকার ডোজ তৈরির জন্য প্রস্তুত রয়েছে।
প্রত্যেকটি ডোজের জন্য খরচ পড়বে ২ থেকে ৪ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৫০ থেকে ৫০০ টাকার মতো। একজন ব্যক্তির প্রয়োজন হবে চারটি ডোজ।











































